প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ৭:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৪, ৯:৫৯ পূর্বাহ্ণ
পাওনা টাকার বিরোধে হত্যা, পুঁতে রাখা মরদেহ উদ্ধার
রাজধানীর ডেমরা থানার রাজাখালী এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর মরিয়ম বেগমের (৩৫) মরদেহ মাটিতে পুঁতে রাখা হয়েছিল।শনিবার (৫ অক্টোবর) বিকেলে ডেমরা রাজাখালীর একটি বাড়ির পাশ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ডেমরা থানা পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মীর আবদুর রাজ্জাক এ তথ্য দেন। তিনি বলেন, ওই নারীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করা হয়।প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, মরিয়ম রাজাখালী এলাকার এক ব্যক্তির কাছে টাকা পান।
সেই টাকা ফেরত আনতে গত বৃহস্পতিবার ওই ব্যক্তির বাসায় যান মরিয়ম। তখন ওই ব্যক্তির সঙ্গে মরিয়মের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে মরিয়মকে মারধর করা হলে তিনি জ্ঞান হারান। এক পর্যায়ে মরিয়ম মারা গেলে নিজেদের বাড়ির পাশে তাঁকে পুঁতে রাখেন ওই ব্যক্তি ও তাঁর স্ত্রী।
মীর আবদুর রাজ্জাক বলেন, রাজাখালীতে মো. বাবু নামের এক ব্যক্তির বাড়ির পাশে নতুন মাটি দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা মাটি খুঁড়লে মানুষের হাত বেরিয়ে আসে। এ ঘটনায় সন্দেহের ভিত্তিতে বাবু ও তাঁর স্ত্রীকে বেধড়ক মারধর করে এলাকাবাসী। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।তিনি আরো বলেন, অভিযুক্তরা সুস্থ হওয়ার পর তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনায় জড়িত কে বা কারা ছিল সে ব্যাপারে তদন্ত চলছে।
উপদেষ্টা : ইকবাল সোবহান চৌধুরী , সম্পাদক : কামরুল ইসলাম , প্রধান সম্পাদক : সালমান মাহমুদ , নির্বাহী সম্পাদক : শাহিন বাবু
Corporate Office : Road # 13, Block # D, House # 49, Banani-1213, Dhaka, Bangladesh.
Newsroom: news@newsforjustice.com
Hotline :+8810918684554, +8801553087800, +8801712027525
Justice Media Ltd. এর প্রতিষ্ঠান
© Copyright - newsforjustice.com