মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মহাপরিচালক (ডিজি) খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেছেন, দেশে প্রতিদিন ২০ কোটি টাকার অধিক মাদক সেবন ও বিক্রি হয়। এর সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়িত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এখন বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছে। এর মধ্যে ১১২০ জন বড় মাদক কারবারির মধ্যে ১২১ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের আয়োজিত ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচাররোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিজি বলেন, ‘এখন আর কোনো রাজনৈতিক চাপ ও ভয় নেই, তাই ছোট-বড় কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সেল ২৪ ঘণ্টা খোলা রয়েছে।’ এ সময় মাদক কারবারিদের তথ্য দিয়ে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এর আগে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএনসির নারায়ণগঞ্জের উপপরিচালক খোরশেদ আলম। তিনি নারায়ণগঞ্জকে মাদক মুক্ত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হকের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, ডিএনসির অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম, সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মশিউর রহমান, বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম সালাউদ্দিন, র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা প্রমুখ।
(সুত্রঃ আমাদেরসময়)
উপদেষ্টা : ইকবাল সোবহান চৌধুরী , সম্পাদক : কামরুল ইসলাম , প্রধান সম্পাদক : সালমান মাহমুদ , নির্বাহী সম্পাদক : শাহিন বাবু
Corporate Office : Road # 13, Block # D, House # 49, Banani-1213, Dhaka, Bangladesh.
Newsroom: news@newsforjustice.com
Hotline :+8810918684554, +8801553087800, +8801712027525
Justice Media Ltd. এর প্রতিষ্ঠান
© Copyright - newsforjustice.com