বৃহস্পতিবার, অক্টোবর 29, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির রায়ে ক্ষুব্ধ ক্ষমতাসীন জোট

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারকে বেআইনি ও অবৈধ ঘোষণা করে তাৎক্ষণিক মুক্তির রায়ে ক্ষুব্ধ বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের অন্যতম দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সদস্য ও সরকারের মন্ত্রীরা। এমনকি পিএমএল-এনের প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ এক কাঠি এগিয়ে প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালকে ইমরানের দলে যোগ দিতে বলেছেন।

এদিকে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চের এই রায়ে ইমরানের দল তেহরিক ই-ইনসাফের কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (১১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

দুর্নীতির মামলায় গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করা হয় ইমরান খানকে। এর একদিন পর তাকে আটদিনের রিমান্ডেও নেওয়া হয়। তবে বৃহস্পতিবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির সাবেক প্রধানমন্ত্রীর গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করে।

আরও পড়ুন  ওয়াশিংটনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকালে নিজ গায়ে আগুন দিলেন এক ব্যক্তি

এমনকি সুপ্রিম কোর্ট ইমরান খানকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশও প্রদান করে। এরপর শুক্রবারের হাজিরার জন্য সুপ্রিম কোর্ট থেকে পুলিশ লাইনসের রেস্ট হাউসে যান ইমরান। দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালকে তার পদ থেকে পদত্যাগ করে পিটিআইতে যোগ দেওয়ার আহ্বান জানান দলটির প্রধান সংগঠক ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ।

জিও নিউজ বলছে, পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানের গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করে অবিলম্বে মুক্তির নির্দেশ দেওয়ার পর প্রধান বিচারপতির মন্তব্য উল্লেখ করে পিএমএল-এন নেতা বলেন, জাতীয় কোষাগার থেকে ছয় হাজার কোটি রুপি লুণ্ঠনকারী অপরাধীর সঙ্গে সাক্ষাৎ করে আজ প্রধান বিচারপতি খুব খুশি হয়েছেন। এ অপরাধীকে মুক্তি দিতে পেরে তিনি আরও বেশি খুশি হয়েছেন। মরিয়ম আরও বলেন, ‘(প্রধান বিচারপতি) বিক্ষোভ-সহিংসতায় ঢাল হিসেবে কাজ করছেন এবং উত্তপ্ত পরিস্থিতিকে উসকে দিতে ইন্ধন দিচ্ছেন। আপনার উচিত প্রধান বিচারপতির পদ ছেড়ে দেওয়া এবং আপনার শাশুড়ির মতো তেহরিক-ই-ইনসাফে যোগ দেওয়া।’

আরও পড়ুন  সারাবিশ্ব বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছে : সিইসি

এদিকে টুইটারে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল ইমরানের পিটিআই সরকারের মেয়াদে বিরোধী নেতাদের বিরুদ্ধে কথিত দমনপীড়নের কথা উল্লেখ করে বলেছেন: ‘২০১৮-২২ সালেও যদি এমন সুপ্রিম কোর্ট থাকত!’

অন্যদিকে পিএমএল-এন নেত্রী হিনা পারভেজ বাট টুইটারে দাবি করেছেন, ‘যে ব্যক্তি দেশের রাষ্ট্রীয় ভবনগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে এবং কোটি কোটি রুপির ক্ষতি করেছে তাকে সুপ্রিম কোর্টের অতিথি বানানো অত্যন্ত নিন্দনীয়।’

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ