এ বছর উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষায় পাসের হার কমে যাওয়ায় উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আসনের তুলনায় শিক্ষার্থী অনেক কম। এতে বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো, বিশেষত ছোট ও ঢাকার বাইরের প্রতিষ্ঠানগুলো এবার ভর্তি-সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষাবিদেরা।
আসন ও উত্তীর্ণের হিসাব
- দেশের উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে মোট আসন: ১৪ লাখ ৯২ হাজার ২৮৮টি
- এর মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ে আসন: ১ লাখ ১ হাজার ৮৬২টি
- ১০৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ধারণক্ষমতা: প্রায় ৪ লাখ ১০ হাজার
- এবার এইচএসসি ও সমমানে পাস করেছে: ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন
- উত্তীর্ণের চেয়ে আসন বেশি: ৮ লাখ ৪৫ হাজার ৬০৩টি
অর্থাৎ উচ্চশিক্ষার যোগ্য শিক্ষার্থীর দ্বিগুণের বেশি আসন রয়েছে। তার ওপর উত্তীর্ণ সবাই উচ্চশিক্ষায় ভর্তি হন না। সরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ, মেডিকেল-ডেন্টাল ও প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি শেষ হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষার্থীর সংখ্যা আরও কমে যাবে।
কারা চাপে, কারা নয়
শিক্ষাবিদদের মতে, শিক্ষার্থীরা শুধু আসন দেখে নয়, প্রতিষ্ঠানের সুনাম, শিক্ষার মান, বিষয়, টিউশন ফি ও অবস্থান বিবেচনা করে ভর্তি হন। তাই ভালো মানের ও সুপরিচিত বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী-সংকট হবে না; তবে কম পরিচিত ও আঞ্চলিক প্রতিষ্ঠানগুলোর জন্য পরিস্থিতি কঠিন হবে। কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয়ও কিছু বিভাগে আসন পূরণে সমস্যায় পড়তে পারে।
এদিকে এক বা দুই বিষয়ে অকৃতকার্য প্রায় ৪ লাখ ২৩ হাজার শিক্ষার্থীর জন্য ১ ডিসেম্বর থেকে সম্পূরক পরীক্ষা শুরু হচ্ছে। এতে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা কিছুটা বাড়তে পারে। সরকার দক্ষতা ও জ্ঞানভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে চায়, যাতে স্নাতকেরা কর্মসংস্থানের সুযোগ পান—এমনটি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তথ্যসূত্র: ঢাকা ট্রিবিউন; দ্য বিজনেস স্ট্যান্ডার্ড


