
অনলাইন ডেস্ক
সংঘাতপূর্ণ সুদান থেকে প্রথম দফায় সৌদি আরবের জেদ্দা হয়ে দেশে পৌঁছেছেন ১৩৫ বাংলাদেশি। এই ১৩৫ জনের মধ্যে ১৭ জন নারী, ১১টি শিশু ও অন্তত ৮ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন বলে কূটনৈতিক একটি সূত্র জানিয়েছে। সোমবার (৮ মে) সকালে তাদের বহনকারী বিমানটি ঢাকার হযরত বিমানবন্দরে অবতরণ করে।
সুদানে প্রায় ১ হাজার ৫০০ বাংলাদেশি রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৭০০ বাংলাদেশি দেশে ফেরত আসার জন্য নিবন্ধন করেছেন। এদের মধ্যে প্রায় ৬৫০ বাংলাদেশি বর্তমানে পোর্ট সুদানে অবস্থান করছিলেন। পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে।
রিয়াদের অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে রোববার রাতে তারা জেদ্দা থেকে ঢাকা রওনা হন।
এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, যুদ্ধকবলিত সুদান থেকে ১৩৫ বাংলাদেশি নাগরিক সৌদি এয়ারফোর্সের বিশেষ তিনটি বিমানে জেদ্দা পৌঁছেছেন। দুপুরে দুটি বিমানে ৭০ জন, বিকেলে আরও একটি বিমানে ৬৫ জন বাংলাদেশি জেদ্দায় পৌঁছান।
/আবদুর রহমান খান/



