Wednesday, July 29, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

রূপসী বাংলার কবি জীবনানন্দের কাব্যগ্রন্থ: বেলা অবেলা কালবেলা-

=কবিতা: অনেক নদীর জল=

অনেক নদীর জল উবে গেছে-
ঘরবাড়ি সাকো ভেঙে গেল;
সে-সব সময় ভেদ করে ফেলে আজ
কারা তবু কাছে চ’লে এলো।

যে সুর্য অয়নে নেই কোনো দিন,-
মনে তাকে দেখা যেত যদি
-যে নারী দেখে নি কেউ-ছ’সাতটি তারার তিমিরে
হৃদয়ে এসেছে সেই নদী।

তুমি কথা বল-আমি জীবন-মৃত্যুর শব্দ শুনি:
সকালে শিশির কণা যে-রকম ঘাসে
অচিরে মরণশীল হয়ে তবু সূর্যে আবার
মৃত্যু মুখে নিয়ে পরদিন ফিরে আসে।

জন্মতারকার ডাকে বার-বার পৃথিবীতে ফিরে এসে আমি
দেখেছি তোমার চোখে একই ছায়া পড়ে:
সে কি প্রেম? অন্ধকার? -ঘাস ঘুম মৃত্যু প্রকৃতির
অন্ধ চলাচলের ভিতরে।

স্থির হয়ে আছে মন; মনে হয় তবু
সে ধ্রুব গতির বেগে চলে,
মহা-মহা রজনীর ব্রহ্মান্ডকে ধরে;
সৃষ্টির গভীর গভীর হংসী প্রেম
নেমেছে-এসেছে আজ রক্তের ভিতরে।

আরও পড়ুন  রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক এসএসসি পরীক্ষার্থী নিহত

‘এখানে পৃথিবী আর নেই-‘
ব’লে তারা পৃথিবীর জনকল্যাণেই
বিদায় নিয়েছে হিংসা ক্লান্তির পানে;
কল্যাণ, কল্যাণ; এই রাত্রির গভীরতর মানে।

শান্তি এই আজ;
এইখানে স্মৃতি;
এখানে বিস্মৃতি তবু; প্রেম
ক্রমায়াত আঁধারকে আলোকিত করার প্রমিতি।

-সুত্র: বাংলা কবিতা ডটকম

/আবদুর রহমান খান/

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ