
হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহর হত্যাকাণ্ডের পর ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো উচ্ছ্বাস প্রকাশ করেছে। চ্যানেল ১২-এর ‘মিট দ্য প্রেস’-এ সাংবাদিক আমিত সেগাল ও বেন ক্যাসপিট আরাকের (মধ্যপ্রাচ্যের একধরনের পানীয়) গ্লাস তুলে নাসরুল্লাহর মৃত্যুকে উদ্যাপন করেছেন।
বামপন্থীদের টেলিভিশন চ্যানেল ১৩-এর সাংবাদিক পাজ রবিনসন কারমিয়েল শহরে চকলেট বিতরণ করেছেন।
চ্যানেল ১৪-এর প্রধান অনুষ্ঠান ‘দ্য প্যাট্রিয়টস’ উপস্থাপক ইয়িনন মাগালের নেতৃত্বে গান ও উৎসবের মাধ্যমে শুরু করা হয়। সাংবাদিক ইয়নেতে নাদাভ ইয়াল লিখেছেন, ‘(নাসরুল্লাহর) হত্যাকাণ্ডটি একটি আঞ্চলিক ঐতিহাসিক ঘটনার মধ্যে পড়ে।’
মিডিয়ার এই উল্লাস বাম ও ডানপন্থী উভয় রাজনীতিবিদদের মধ্যে প্রতিধ্বনিত হয়েছে।
ডেমোক্র্যাটস পার্টির নেতা ও সাবেক মেরেটজ পার্টির প্রধান ইয়ায়ার গোলান (যিনি একসময় দেশের বামপন্থী মূলধারার রাজনীতিবিদ হিসেবে বিবেচিত ছিলেন) এই হত্যাকাণ্ড নিয়ে আনন্দ প্রকাশ করেছেন। তিনি এক্সে লিখেছেন, ‘নাসরুল্লাহর হত্যাকাণ্ড একটি বিশাল ও গুরুত্বপূর্ণ সাফল্য। মধ্যপ্রাচ্যে এটি নতুন যুগের সূচনা করেছে।’



