গাজীপুরে দম্পতিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। মহানগরের গাছা থানার কুনা এলাকায় গত রোববার মধ্যরাতে একটি বাসায় ঢুকে ফুয়াদ আলম ওরফে ফাহিম (২৭) ও তাঁর স্ত্রী নওরীন মহসীনের (২১) ওপর হামলা চালানো হয়। জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠালেও থানায় মামলা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
গাজীপুরে দম্পতিকে কুপিয়ে জখম: কী ঘটেছিল
ফুয়াদ জানান, পৈতৃক চারতলা বাড়ির দ্বিতীয় তলায় তিনি স্ত্রী ও দুই শিশুসন্তান নিয়ে থাকেন। রোববার রাতে ১৫ থেকে ২০ জনের একটি দল বাড়ির বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে ভেতরে ঢোকে। লাঠিসোঁটা ও চাপাতি নিয়ে তাঁর ওপর হামলা চালানো হয় এবং ডান হাতে কোপ দেওয়া হয়। স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রীকেও মারধর ও লাঞ্ছিত করা হয়।
মঙ্গলবার রাজধানীতে সংবাদমাধ্যমের কাছে এসে ওই দম্পতি হামলা ও মামলা না নেওয়ার অভিযোগ তুলে ধরেন। তাঁরা ন্যায়বিচার ও নিরাপত্তা দাবি করেছেন।
আরও পড়ুন: কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, এক তরুণের মৃত্যু
তথ্যসূত্র: প্রথম আলো
ছবি: Drubo84 / উইকিমিডিয়া কমন্স (CC BY 4.0) — মূল ছবি


