মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

সাভারে প্রায় ৪০ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, আজ মজুরি বোর্ডের দ্বিতীয় সভা

শ্রমিকেরা কারখানায় প্রবেশ করলেও কাজে যোগ না দেওয়ায় সাভারের প্রায় ৪০টি তৈরি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রাখতে হয়েছে বলে জানিয়েছে মালিকপক্ষ। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (৮ নভেম্বর) এ পরিস্থিতি তৈরি হয়।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সূত্র জানায়, উৎপাদন বন্ধ থাকা কারখানাগুলোর বেশির ভাগই সাভার এলাকায়। তবে মিরপুর, গাজীপুর ও নারায়ণগঞ্জের কারখানাগুলোতে বড় ধরনের কোনো সমস্যা হয়নি।

আজ মজুরি বোর্ডের সভা

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় সভা আজ সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় হওয়ার কথা। বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি ও হান্নান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম শামসুদ্দিন জানান, উভয় পক্ষ এখনো প্রস্তাব প্রস্তুত করছে। তবে আজকের সভাতেই প্রস্তাব জমা পড়বে কি না, তা তিনি নিশ্চিত করেননি। শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতারের সঙ্গে যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন  চাঁদা দাবির পাশাপাশি ইন্টারনেট, পানি ও ময়লার ব্যবসার নিয়ন্ত্রণ চেয়েছিল সন্ত্রাসীরা

মালিকদের ১১ দফা প্রস্তাব

পোশাক কারখানার মালিকদের একটি অংশ সরকারের কাছে ১১ দফা প্রস্তাব তুলেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো শ্রম আইন সংশোধন করে ‘কাজ নেই, মজুরি নেই’ নীতি চালুর দাবি। এতে কোনো শ্রমিক কারখানায় এসে কাজ না করলে সেদিনের মজুরি দিতে হবে না।

প্রস্তাবে আরও রয়েছে পণ্যের ন্যূনতম দাম নির্ধারণ, ব্যাংকঋণে অভিন্ন সুদহার, বাংলাদেশ ব্যাংক ও বিজিএমইএর সমন্বয়ে একটি পর্যবেক্ষণ সেল গঠন, সরকারি লাইসেন্সের মেয়াদ অন্তত পাঁচ বছর করা, কাস্টমস-ভ্যাট ও বন্দরে হয়রানি বন্ধ, শ্রমিক ফেডারেশনগুলোর নিবন্ধন ও জবাবদিহি নিশ্চিত করা, পোশাক খাতের জন্য আলাদা মন্ত্রণালয়, শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং বিদ্যুৎ-গ্যাস সংকটে ক্ষতির জন্য সরকারি ক্ষতিপূরণ।

মজুরি নিয়ে কয়েক সপ্তাহ ধরে পোশাক খাতে অস্থিরতা চলছে। খাতসংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত সমঝোতা না হলে রপ্তানি আদেশ ও সময়মতো চালান পাঠানো—দুটিই চাপে পড়তে পারে।

আরও পড়ুন  ১৭ ইনিংস পর সাদমানের সেঞ্চুরি, এরপর বিশপের ঘূর্ণিতে দ্রুত উইকেট হারাল বাংলাদেশ

তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ