সোমবার, নভেম্বর ৯, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

উখিয়ায় ইউনিয়ন বিএনপির সদস্যসচিবকে কুপিয়ে জখম, কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধ

কক্সবাজারের উখিয়ায় পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ও সাবেক ইউপি সদস্য নুরুল আমিনকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও বিএনপি সূত্রের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ১০-১২ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতার নেতৃত্ব দেওয়ার অভিযোগ করা হয়েছে। ক্যাম্পের কয়েকজন রোহিঙ্গাও এতে অংশ নেয় বলে অভিযোগ রয়েছে। তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

বিরোধের সূত্রপাত বাজার নিয়ে

স্থানীয় সূত্র জানায়, রোহিঙ্গা ক্যাম্প-১৯ এলাকার একটি বাজার নিয়ে দুই পক্ষের বিরোধ চলছিল। আগের সরকারের সময় বাজারটি গড়ে তোলা হয়েছিল। সরকার পরিবর্তনের পর বিএনপির নেতা-কর্মীরা সেটি ভেঙে নতুন বাজার বসান। রোববার সন্ধ্যায় সেখানে ভাঙচুরের খবর পেয়ে নুরুল আমিন কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে হামলার শিকার হন।

আরও পড়ুন  শনিবার বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি

আশঙ্কাজনক অবস্থায় চমেকে

আহত নুরুল আমিনকে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানান, তাঁর মাথায় দুটি গভীর ক্ষত এবং ঠোঁটে একটি কাটা দাগ রয়েছে। অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সাবুক্তগীন মাহমুদ সোহেল জানান, রোগীর অবস্থা আশঙ্কাজনক।

মহাসড়কে অবরোধ

হামলার প্রতিবাদে বিএনপির নেতা-কর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পালংখালী স্টেশন, থাইংখালী ও উখিয়া সদরসহ অন্তত চারটি স্থানে অবরোধ করেন। এতে গভীর রাত পর্যন্ত যান চলাচল বিঘ্নিত হয়। কক্সবাজার শহরেও বিক্ষোভ হয়েছে। উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী হামলার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন  গাজীপুরে আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এল ঝুট গুদামের আগুন

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। যান চলাচল স্বাভাবিক রাখা ও শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তথ্যসূত্র: টাইমস অব বাংলাদেশ

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ