
স্পোর্টস ডেস্ক
ওয়ানডে সিরিজে প্রথম চার ম্যাচে নিউজিল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠেছিল পাকিস্তান। দুদিনের মাথায় শীর্ষস্থান হারায় বাবর। তবে সুসংবাদই পেল পাকিস্তান। আইসিসি কর্তৃক হালনাগাদকৃত নতুন র্যাঙ্কিংয়ে ভারতকে পেছনে ফেলে দুইয়ে উঠেছে তারা। আর সাত নম্বরেই রয়েছে বাংলাদেশ।
পাকিস্তানের সুযোগ ছিল র্যাঙ্কিংয়ে এক নম্বরে নিজেদের অবস্থান শক্ত করার। এজন্য সফররত নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করা লাগত পাকিস্তানের। কিন্তু শেষ ওয়ানডেতে জয় পায়নি পাক বাহিনী। সান্ত্বনার জয়ের মাধ্যমে ধবল-ধোলাই থেকে রেহাই পায় কিউইরা।
সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা পাকিস্তানের রেটিং পয়েন্ট ১১৬। মাত্র এক পয়েন্ট পিছিয়ে থাকা ভারতের অবস্থান তিন নম্বরে। এদিকে ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান অবস্থানে বহাল রয়েছে অস্ট্রেলিয়া। এছাড়া যথাক্রমে চার, পাঁচ ও ছয় নম্বরে রয়েছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
এদিকে সাত নম্বরেই রয়েছে বাংলাদেশ। তামিমদের রেটিং পয়েন্ট ৯৭। বড় লাফ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট দল। নবি-রশিদরা পেছনে ফেলেছে শক্তিশালী শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজকে। ৮৮ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে আফগানরা। ৮০ পয়েন্ট নিয়ে নয়ে রয়েছে শ্রীলঙ্কা। আর ৭২ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আছে দশ নম্বরে।
এম.নাসির/১১



