
নিজস্ব প্রতিবেদক
আইইবি ৬০তম কনভেনশন এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোনো দেশ স্যাংশন দিলে তাদের কাছ থেকে বাংলাদেশ কিছু কিনবে না।
শনিবার (১৩ মে) রাজধানীর রমনায় ‘ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৬০তম কনভেনশন’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
স্যাংশন দেওয়ার একটা প্রবণতা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এখন আবার ওই স্যাংশন দেওয়ার একটা প্রবণতা, যাদের দিয়ে আমরা সন্ত্রাস দমন করি, তাদের ওপর স্যাংশন। আমি বলে দিয়েছি, যে দেশ স্যাংশন দেবে— তাদের কাছ থেকে আমি কিচ্ছু কিনবো না।’
নিজের অবস্থানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার কী করবে, বাবা-মা, ভাই-বোন সব মেরে ফেলে দিয়েছে। আমার তো হারাবার কিছু নেই। কিন্তু আমি আমার দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই।’
দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রকৌশলীসহ সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘আমরা আসার পর থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা আশা করবো, আগামীতে এই উন্নয়নের ধারাটা যেন চলমান রাখতে পারি। সেই বিষয়ে সবাই আন্তরিক থাকবেন। সেইভাবে আপনারা কাজ করবেন।’
‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে জনগণ হবে— স্মার্ট জনগোষ্ঠী, স্মার্ট অর্থনীতি, উৎপাদন ব্যবস্থা থাকবে স্মার্ট । চিকিৎসা থেকে শুরু করে সব ক্ষেত্রে দেশের মানুষ স্মার্ট হবে, সেটাই আমরা চাই। দক্ষ জনগোষ্ঠী আমরা গড়ে তুলতে চাই। কোনো জায়গা থেকে আমরা পিছিয়ে থাকবো না।’
প্রকৌশলীদের মানুষের কল্যাণের কথা চিন্তা করে কাজ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘যে যেখানে কাজ করবেন নিজের আত্মবিশ্বাস নিয়ে, আত্মমর্যাদা বোধ নিয়ে, দেশকে ভালোবেসে, দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে কাজ করতে হবে।’
কোন প্রকল্প দেশের মানুষের জন্য কতটা দরকার— তা বিবেচনা করে সরকার প্রকল্প গ্রহণ করে জানিয়ে তিনি বলেন, ‘আমরা যে প্রকল্প নেই আগে চিন্তা করি— দেশের মানুষ কতটুকু উপকার হবে। আর সেই প্রকল্প শেষ হয়ে গেলে রিটার্ন কী আসবে। কত দ্রুত আসবে।’
তিনি বলেন, ‘কোনো দেশ বিশাল অঙ্কের টাকা দিয়ে কোনো প্রকল্প দিলে— আমি কিন্তু সেই প্রকল্প গ্রহণ করি না। সেটা আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। সেটা আমি করবোও না। আমার দেশের জন্য প্রযোজ্য যেটা আমরা সেটাই করবো।’
এম.নাসির/১৩



