
নিজস্ব প্রতিবেদক
নিজ জেলা পাবনায় চার দিনের সফর শেষে আজ বৃহস্পতিবার (১৮মে) দুপুরে ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ।
প্রজাতন্ত্রের ২২তম রাষ্ট্রপতি হিসাবে সংবর্ধনা এবং বিভিন্ন শ্রেণির মানুষের সাথে মতবিনিময় সভাসহ কয়েকটি কর্মসূচিতে যোগ দিতে ১৫মে চার দিনের সফরে পাবনায় যান রাষ্ট্রপ্রধান ।
গত ২৪ এপ্রিল রাষ্ট্রপতির পদে শপথ নেওয়ার পর পৈতৃক শহর পাবনায় এটাই ছিল তার প্রথম সফর।
রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাহিনীর একটি ভিভিআইপি হেলিকপ্টার দুপুর সাড়ে ১২টায় রাজধানীতে পৌঁছায়।
এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে পাবনা স্টেডিয়াম হেলিপ্যাডে সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু, স্থানীয় সংসদ সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে বিদায় জানান।
সঙ্গে ছিলেন রাষ্ট্রপতির স্ত্রী রেবেকা সুলতানা, রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান। সূত্র : বাসস।
এম.নাসির/১৮



