Wednesday, July 29, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

প্রায় ৯ ঘণ্টা বন্ধের পর দুই নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় আবারও দেশের গুরুত্বপূর্ণ দুই নৌপথে ফেরি, লঞ্চসহ নৌযান চলাচল ব্যাহত হয়েছে। প্রায় ৯ ঘণ্টা বন্ধের পর আজ শনিবার সকাল পৌনে আটটা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া এবং মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথে ফেরি ও অন্য নৌযান চলাচল সচল হয়েছে। দীর্ঘ সময় ধরে ফেরি বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন উভয় ঘাটে আটকে থাকা যানবাহনের যাত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এর আগে দুই নৌপথের তিনটি ফেরি কুয়াশার কারণে মাঝনদীতে আটকা পড়ে। ফেরিসহ অন্য নৌযান চলাচল ব্যাহত হওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক যানবাহন এ পথ পরিহার করে বিকল্প হিসেবে পদ্মা সেতু দিয়ে ঘুরে গন্তব্যে রওনা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আবদুস সাত্তার জানান, গতকাল শুক্রবার রাত থেকে পদ্মা নদী অববাহিকায় কুয়াশা ঘন হতে থাকে। রাত বাড়ার সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে ফেরি মাস্টাররা (চালকেরা) সামান্য দূরের কিছুই দেখতে পাচ্ছিলেন না। দুর্ঘটনা এড়াতে রাত ১১টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর আগে ঘাট ছেড়ে যাওয়া রো রো (বড়) ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান মাঝনদীতে কুয়াশার কবলে দিক হারিয়ে ফেলে। বাধ্য হয়ে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ফেরিটি মাঝনদীতেই নোঙর করা হয় গতকাল রাত ১১টার থেকে প্রায় ৯ ঘণ্টা পর শনিবার সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে নদী অববাহিকায় কুয়াশা কিছুটা কমতে থাকলে কর্তৃপক্ষ ফেরি চালুর নির্দেশ দেন। এরপর মাঝনদীতে থাকা ফেরিটি ঘাটে পৌঁছালে সেখান থেকে অন্য ফেরিগুলো ছাড়তে শুরু করে।

আরও পড়ুন  আকস্মিক বন্যায় প্লাবিত শেরপুরের দুই উপজেলা

ঘন কুয়াশায় গতকাল রাতে ফেরি বন্ধ হয়ে যাওয়ায় দৌলতদিয়া ঘাট পরিহার করে পদ্মা সেতু দিয়ে বাস চলাচলের সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঢাকাগামী জামান পরিবহনের দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক মনির হোসেন বলেন, তাঁদের পরিবহনের বাসগুলো আজ শনিবার সকালে বিকল্প পথে পদ্মা সেতু হয়ে ঢাকায় চলাচল করেছে। এরপর রাজবাড়ী, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ থেকে আসা বিভিন্ন ধরনের যানবাহন নদী পাড়ি দিতে এসে ঘাটে আটকা পড়ে।

অন্যদিকে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথেও গতকাল রাত ১১টার পর ঘন কুয়াশায় ফেরিসহ নৌযান চলাচল ব্যাহত হয় বলে জানায় বিআইডব্লিউটিসি। একপর্যায়ে দুর্ঘটনা এড়াতে সাড়ে ১১টা থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগে ঘাট ছেড়ে যাওয়া রো রো ফেরি খানজাহান আলী ও কেটাইপ ফেরি কিষানি মাঝনদীতে আটকা পড়ে। এ সময় আরিচা ঘাটে শাহ আলী, চিত্রা ও কাজিরহাট ঘাটে ধানসিঁড়ি নামের ফেরি ঘাটে নোঙর করে থাকে। প্রায় পৌনে ৯ ঘণ্টা পর আজ শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে আবার ফেরি চালু হয়েছে। এ সময় উভয় ঘাটে বেশ কিছু যানবাহন নদী পার হওয়ার অপেক্ষায় দেখা গেছে।

আরও পড়ুন  সৌদি আরবে বাংলাদেশিদের জন্য চালু হলো ই-পাসপোর্ট

চলতি শীত মৌসুমের শুরু থেকে পদ্মা ও যমুনা নদী অববাহিকায় কুয়াশায় ফেরিসহ নৌযান চলাচল ব্যাহত হচ্ছে বলে জানান বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির মোহাম্মদ চৌধুরী। তিনি বলেন, পদ্মা নদীর দৌলতদিয়া, পাটুরিয়া ও আরিচা এবং যমুনা নদীর কাজিরহাট নৌপথে সতর্কতার সঙ্গে ফেরিসহ নৌযান চলাচল করতে হচ্ছে।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ