Sunday, September 13, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

কেরানীগঞ্জে খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

ঢাকার কেরানীগঞ্জের একটি খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো আটজন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কেরানীগঞ্জের রামেরকান্দা বোর্ডিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দু’টি ইউনিট দু’ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ইমতিয়াজ হোসেন জানান, সন্ধ্যা ৭টার দিকে রামেরকান্দা বোর্ডিং এলাকায় নবাবগঞ্জগামী একটি ট্রাক একটি ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাবারের দোকানের গ্যাস সিলিন্ডারে লাগলে বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তেই দোকানে আগুন ধরে যায়। এ সময় লোকজন ছোটাছুটি করতে থাকেন। পরে ওই দোকানের আগুন পাশের
আরো দু’টি দোকানে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন  মুন্সীগঞ্জ থেকে লুট হওয়া ফার্নেস অয়েল সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ৫

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো: কাজল বলেন, সন্ধ্যা ৭টার দিকে রামেরকান্দা বোর্ডিং এলাকায় খাবারের দোকানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। দু’টি ইউনিট দু’ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, এ ঘটনায় তিনজন নিহত ও আটজন আহত হয়েছেন।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ