চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় এক পলাতক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি দল। শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বরকল ইউনিয়নের কানাই মাদারী গ্রামের ঘাটকুল পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ২০টির বেশি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক পলাতক আসামির অবস্থানের খবর পেয়ে দলটি সেখানে অভিযান চালায়। এ সময় ওই আসামি চিৎকার করে ৪০ থেকে ৫০ জনকে জড়ো করেন। তাঁরা দেশীয় অস্ত্র নিয়ে এসআরবি সদস্যদের ওপর হামলা চালান।
আত্মরক্ষা এবং সরকারি অস্ত্র ও গুলি রক্ষায় এসআরবি সদস্যরা কয়েকটি ফাঁকা গুলি ছোড়েন। হামলায় চার থেকে পাঁচজন এসআরবি সদস্য আহত হন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। পরে রোববার ভোরে এসআরবি ও জেলা পুলিশের যৌথ অভিযানে আরও দুজনকে গ্রেপ্তার করা হয় এবং দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার পাঁচজনকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে। মূল আসামি গ্রেপ্তার হয়েছেন কি না, তা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।
তথ্যসূত্র: স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)


