গোপালগঞ্জ সদর উপজেলায় টহল পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় রাতভর অভিযান চালিয়ে আরও ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। ফলে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২৫।
পুলিশ জানায়, শনিবার দুপুরের দিকে সদর উপজেলার রঘুনাথপুর ফেরিঘাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের একটি মিছিল থেকে টহল পুলিশের ওপর হামলা চালানো হয়। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়।
হামলায় উপপরিদর্শক (এসআই) মো. ফুল মিয়া খানসহ পুলিশের দুই সদস্য আহত হন। ২৫ অক্টোবর এসআই ফুল মিয়া খান বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করেন।
মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে আরও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: নাটোরে হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু, ১২ দিনেও গ্রেপ্তার নেই
তথ্যসূত্র: পুলিশ, দ্য ডেইলি স্টার
ছবি: Shadman Samee from Dhaka, Bangladesh / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 2.0) — মূল ছবি


