দেশে সাধারণ মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা বাড়ছে, কিন্তু কমছে শিক্ষার্থী। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালে সাধারণ মাধ্যমিক বিদ্যালয় ছিল ১৬ হাজার ১৮৬টি, যা ২০২৫ সালে বেড়ে হয়েছে ১৬ হাজার ৭৩৭টি।
শিক্ষার্থী কমেছে ২০ শতাংশ
একই সময়ে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থী ৮৮ লাখ ৫৭ হাজার থেকে কমে ৭০ লাখ ৭৪ হাজারে নেমেছে। অর্থাৎ কমেছে প্রায় ১৭ লাখ ৮৩ হাজার, বা ২০.১ শতাংশ। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ছেলে শিক্ষার্থী কমেছে ২৭.৪ শতাংশ, মেয়ে শিক্ষার্থী ১৪.৮ শতাংশ।
এর বিপরীতে আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থী বেড়েছে ১০.১ শতাংশ এবং ইংরেজি মাধ্যমে ৮.৮ শতাংশ। তবে অনেক ইংরেজি মাধ্যম স্কুল তথ্যব্যবস্থার বাইরে থাকায় প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
কেন কমছে
- কোভিডের প্রভাব ও পরিবারের আর্থিক চাপ
- শিশুশ্রম বৃদ্ধি: ৫-১৭ বছর বয়সী শিশুদের মধ্যে শিশুশ্রমের হার ২০১৯ সালের ৬.৮ শতাংশ থেকে ২০২৫ সালে ৯.২ শতাংশে উঠেছে
- কোচিং ও গাইড বইয়ের মতো বাড়তি খরচ
- বাল্যবিবাহ ও মেয়েদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
- মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে চলে যাওয়া
শিক্ষাবিদ অধ্যাপক ছিদ্দিকুর রহমান এই প্রবণতাকে পরিকল্পনার অভাবের লক্ষণ বলে মন্তব্য করেছেন। বিশেষজ্ঞদের মতে, ঝরে পড়া রোধে বৃত্তি, বিনা মূল্যে দুপুরের খাবার এবং শিক্ষার খরচ কমানোর উদ্যোগ জরুরি।
আরও পড়ুন: নিরাপত্তা হালনাগাদে বন্ধ সরকারি সেবার পোর্টাল মাইগভ, ভোগান্তি
তথ্যসূত্র: ব্যানবেইস, দ্য ডেইলি স্টার
ছবি: Uday Karmoker / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি


