শীত এলেই অনেকের অভিযোগ—ফোনে চার্জ হতে দেরি হচ্ছে, কিংবা ২০-৩০ শতাংশ চার্জ থাকতেই ফোন বন্ধ হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সব সময় এটি ব্যাটারি নষ্টের লক্ষণ নয়; কম তাপমাত্রাও এর বড় কারণ।
বেশির ভাগ স্মার্টফোনে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়, যা নির্দিষ্ট তাপমাত্রায় সবচেয়ে ভালো কাজ করে। ঠান্ডায় ব্যাটারির ভেতরের রাসায়নিক বিক্রিয়া ও আয়নের চলাচল ধীর হয়ে যায়, ফলে চার্জ নিতে সময় লাগে। অভ্যন্তরীণ প্রতিরোধ বেড়ে যাওয়ায় চার্জ থাকা সত্ত্বেও ফোন হঠাৎ বন্ধ হতে পারে, বিশেষ করে পুরোনো ব্যাটারিতে।
আধুনিক ফোনের ব্যাটারি ম্যানেজমেন্ট ব্যবস্থাও তাপমাত্রা নিরাপদ সীমার বাইরে গেলে চার্জিংয়ের গতি কমিয়ে দেয়, প্রয়োজনে সাময়িক বন্ধ রাখে।
করণীয় হিসেবে বিশেষজ্ঞদের পরামর্শ: প্রচণ্ড ঠান্ডায় ফোন পকেট বা ব্যাগে রাখুন; বাইরে থেকে এসে ঠান্ডা ফোন সঙ্গে সঙ্গে চার্জে না দিয়ে কিছুক্ষণ ঘরের তাপমাত্রায় রাখুন; হিটার বা হেয়ার ড্রায়ার দিয়ে ফোন গরম করবেন না; অপ্রয়োজনীয় ব্লুটুথ-লোকেশন বন্ধ রাখুন এবং মানসম্মত চার্জার ব্যবহার করুন।
তবে স্বাভাবিক তাপমাত্রাতেও ফোন দ্রুত চার্জ হারালে বা বারবার বন্ধ হলে ব্যাটারির স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত।
তথ্যসূত্র: জাগো নিউজ।


