শীতের অতিথি পাখি আসতে শুরু করায় পাখিদের নিরাপদ আবাস নিশ্চিত করতে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসের জলাশয়গুলোতে অতিথি পাখি আসতে শুরু করেছে এবং পাখিদের জন্য জলাশয়গুলো প্রস্তুত করা হয়েছে। শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে দূর থেকে পাখি দেখার অনুরোধ জানানো হয়েছে, যাতে পাখিরা বিরক্ত না হয়।
যা করা যাবে না
- জলাশয়ের পাড়ে যানবাহন রাখা
- মাছ ধরা
- ঢোল-বাদ্য বাজানো ও আতশবাজি ফোটানো
- জোরে শব্দ বা হাততালি দিয়ে পাখিদের ভয় দেখানো
- পানিতে প্লাস্টিকের বোতল বা পলিথিন ফেলা
পাখিদের আবাসস্থল নিরাপদ রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিবছর শীতে জাবি ক্যাম্পাসের লেকগুলোতে হাজারো অতিথি পাখি আসে, যা দেখতে দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করেন।
তথ্যসূত্র: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর


