মার্কিন অভিনেতা নোয়া ওয়াইলি হলেন পিপল ম্যাগাজিনের ২০২৬ সালের ‘সেক্সিয়েস্ট ম্যান অ্যালাইভ’। কৌতুকশিল্পী অ্যামি পোহলারের পডকাস্ট ‘গুড হ্যাং’-এ প্রথমে ম্যাগাজিনের প্রচ্ছদ দেখানো হয়, এরপর অতিথি হিসেবে আনা হয় ৫৫ বছর বয়সী এই অভিনেতাকে।
খবরটি শুনে শুরুতে একে প্র্যাংক ভেবেছিলেন ওয়াইলি। মজা করে বলেন, এ উপাধির কারণে বন্ধু ও পরিবারের কাছ থেকে অনেক খোঁচা শুনতে হবে। তবু হাসতে হাসতে যোগ করেন, তিনি আশা করছেন এবার সবকিছু বদলে যাবে।
নোয়া ওয়াইলি: ‘ইআর’ থেকে ‘দ্য পিট’
১৯৯৪ সালে এনবিসির জনপ্রিয় হাসপাতালভিত্তিক সিরিজ ‘ইআর’-এ মেডিকেল শিক্ষার্থী জন কার্টার চরিত্রে পরিচিতি পান ওয়াইলি। ওই চরিত্রে তিনবার গোল্ডেন গ্লোব ও পাঁচবার এমি মনোনয়ন পেলেও পুরস্কার জেতা হয়নি।
তিন দশক পর আরেক হাসপাতাল ড্রামা ‘দ্য পিট’ তাঁর ক্যারিয়ারে নতুন জোয়ার আনে। জরুরি বিভাগের অভিজ্ঞ চিকিৎসক ডা. মাইকেল ‘রবি’ রবিনাভিচ চরিত্রে অভিনয় করছেন তিনি। সিরিজটির প্রতিটি মৌসুম একটি ১৫ ঘণ্টার শিফট নিয়ে, আর প্রতিটি পর্বে দেখানো হয় এক ঘণ্টার ঘটনা। এই কাজের জন্য ২০২৫ ও ২০২৬ সালে টানা দুবার নাটক বিভাগে সেরা অভিনেতার এমি এবং ২০২৬ সালে গোল্ডেন গ্লোব জিতেছেন তিনি। সিরিজটির তৃতীয় মৌসুম আসছে ২০২৭ সালের জানুয়ারিতে।
গত বছর এই উপাধি পেয়েছিলেন অভিনেতা জোনাথন বেইলি।
আরও পড়ুন: টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমে আনা দে আরমাস?
তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার, পিপল
ছবি: Kathy Drasky / উইকিমিডিয়া কমন্স (CC BY 2.0) — মূল ছবি


