রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদনে যাওয়ার চূড়ান্ত ধাপে পৌঁছানোয় কেন্দ্রটির জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি যাচাই করতে বাংলাদেশে এসেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) একটি বিশেষজ্ঞ দল। ১০ সদস্যের দলটি ৮ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১১ দিন ধরে এ পর্যালোচনা চালাবে।
‘ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস রিভিউ’ (ইপিআরইভি) নামের এই মিশনের নেতৃত্ব দিচ্ছেন আইএইএর কর্মকর্তা মার্ক ব্রাইটিঙ্গার। রোববার রাজধানীতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) প্রধান কার্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে মিশনের কার্যক্রম উদ্বোধন করেন। আজ সোমবার (৯ নভেম্বর) দলটির রূপপুর প্রকল্প এলাকা পরিদর্শনের কথা রয়েছে।
কী দেখবে মিশন
পারমাণবিক বা তেজস্ক্রিয় দুর্ঘটনার মতো জরুরি পরিস্থিতিতে বিভিন্ন সংস্থার সমন্বয়, সাড়া দেওয়ার ব্যবস্থা ও পরিকল্পনা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আছে কি না, তা খতিয়ে দেখবে দলটি। এরই মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ জরুরি সাড়াদান পরিকল্পনার সঙ্গে যুক্ত সংস্থাগুলোর সঙ্গে আলাদা বৈঠক করেছেন বিশেষজ্ঞরা।
উদ্বোধনী অনুষ্ঠানে সচিব আনোয়ার হোসেন বলেন, যেকোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য জরুরি প্রস্তুতি বাধ্যতামূলক। রূপপুরে সর্বোচ্চ নিরাপত্তামান নিশ্চিত করতে সরকার কাজ করছে। এই পর্যালোচনায় ঘাটতি চিহ্নিত হবে, সংশোধনমূলক পদক্ষেপ নেওয়া সহজ হবে এবং আন্তর্জাতিক নির্দেশিকা মেনে নিরাপদ পরিচালনা নিশ্চিত করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিজ্ঞান, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ একাধিক মন্ত্রণালয়ের সমন্বিত কাজের ওপরও জোর দেন তিনি।
কর্মকর্তারা জানিয়েছেন, জরুরি পরিস্থিতিতে প্ল্যান্টের কর্মীদের সুরক্ষায় প্রকল্প এলাকায় তিনটি আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে, যেখানে একসঙ্গে ২ হাজার ৪০০ জন আশ্রয় নিতে পারবেন।
তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার


