Wednesday, July 29, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

হোয়াইটওয়াশের লজ্জা এড়ালো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের কাছে নিউজিল্যান্ডের সিরিজ পরাজয় আগেই হয়ে গেছে। ৫ ম্যাচের সিরিজের প্রথম চারটিতেই হার। শেষ ম্যাচটি বাবর আজমদের জন্য আনুষ্ঠানিকতার হলেও নিউজিল্যান্ডের কাছে ছিল লজ্জা থেকে বাঁচার মিশন।

সেই মিশনে সফল হলো কিউইরা। শেষ ম্যাচে এসে পাকিস্তানকে ৪৭ রানে হারিয়ে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচলো তারা।

করাচি ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ২৯৯ রান তুলে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ৪৬.১ ওভারে ২৫২ রানে অলআউট হয়েছে পাকিস্তান। ফলে ৪৭ রানের ব্যবধানে জয়ের সঙ্গে হোয়াইটওয়াশের লজ্জা থেকেও বাঁচলো টম ল্যাথামের দল। সিরিজ শেষ হলো ৪-১ ব্যবধানে।

নিউজিল্যান্ডের করা ২৯৯ রানের জবাব দিতে নেমে শুরুতেই বিপদে পড়ে পাকিস্তান। ৫২ রানে হারায় তিন উইকেট। ৭ রান করে আউট হন শান মাসুদ, ১ রান করে বিদায় নেন আগের ম্যাচে সেঞ্চুরি করা বাবর আজম। চার নম্বরে ব্যাট করতে নামা মোহাম্মদ রিজওয়ান ১৫ বল খেলে ৯ রান করে বিদায় নেন।

আরও পড়ুন  জাতীয় দলে ফের অনিশ্চিত হামজা

দলীয় ৬৬ রানের মাথায় আউট হয়ে যান ওপেনার ফাখর জামানও। এই সিরিজে দারুণ ছন্দে ছিলেন ফাখর। ৬৪ বল খেলে তিনি করেন ৩৩ রান। তবে পঞ্চম উইকেটে দারুণ জুটি গড়ে তোলেন আগা সালমান এবং ইফতিখার আহমেদ। এই দু’জনের ব্যাটে ৯৭ রানের জুটি গড়ে ওঠে।

তবে হেনরি শিপলির বলে ভেঙে যায় পাকিস্তানকে জয়ের স্বপ্ন দেখানো জুটিটি। ৫৭ বলে ৫৭ রান করে শিপলির বলে টম ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান আগা সালমান। এরপরের ব্যাটাররা ইফতিখার আহমেদকে ভালো সঙ্গ দিতে পারেননি। শাদাব খান ১৪ বলে ১৪ এবং উসামা মির ১৫ বলে করেন ২০ রান।

তবে বোলারদের সাঁড়াসি বোলিংয়ের ওপর ভর করে কিউইরা মাত্র ২৫২ রানে অলআউট করে দেয় পাকিস্তানকে। হেনরি শিপলি ৩৪ রান দিয়ে নেন ৩ উইকেট। রাচিন রবিন্দ্র ৬৫ রান দিয়ে নেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন অ্যাডাম মিলনে, ম্যাট হেনরি এবং ইশ সোদি।

আরও পড়ুন  র‌্যাঙ্কিংয়ে ভারতকে পেছনে ফেলে দুইয়ে পাকিস্তান

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের টপ অর্ডার বেশ দৃঢ়তার পরিচয় দেয়। উইল ইয়ং, টম ব্লান্ডেল, হেনরি নিকোলস, টম ল্যাথাম, মার্ক চাপম্যানরা ব্যাট হাতে অবদান রাখার কারণে ২৯৯ রান তুলতে সক্ষম হয় নিউজিল্যান্ড।

/আবদুর রহমান খান/

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ