পিরোজপুরে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফনে বাধা দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির সাবেক নেতা তাসনিম জারা। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, বিরোধী দলে থেকেও তারা একজন মানুষের নিজের ভিটায় দাফনে বাধা দিচ্ছে। ক্ষমতায় গেলে দলটি কেমন আচরণ করবে, সেই প্রশ্নও তোলেন তিনি।
কী ঘটেছিল
৮৭ বছর বয়সী মানিক পসারী জামায়াতের সাবেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার বাদী ছিলেন। শনিবার গোপালগঞ্জে তিনি মারা যান। পিরোজপুরে তাঁকে গার্ড অব অনার দেওয়া ও দাফনের বিরোধিতা করে প্রতিবাদ হয়। পরে রোববার ভোরে পুলিশি পাহারায় চিতলিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাসনিম জারার দাবি, বাড়িতে আগে থেকে খোঁড়া কবর একদল লোক মাটি দিয়ে ভরাট করে দেয়। ফলে স্বজনদের আবার কবর খুঁড়তে হয়। মুক্তিযোদ্ধার কবর তাঁর মেয়ে ও বোনকে খুঁড়তে হয়েছে বলে আগেই সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।
তবে জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি সোহরাব হোসেন জুয়েল দাফনে বাধার সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন।
আরও পড়ুন: আওয়ামী লীগের মতো বিএনপিও ক্ষমতা কুক্ষিগত করতে চায়: নাহিদ
তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার, প্রথম আলো
ছবি: Mamunur rashid mamun / উইকিমিডিয়া কমন্স (CC BY 3.0) — মূল ছবি


