বেতন, কর্মঘণ্টা ও চিকিৎসাসুবিধা নিয়ে আন্দোলনের পর মালদ্বীপে বাংলাদেশি শ্রমিক ও ভারতীয় নাগরিকসহ ২০ থেকে ২৫ জনকে আটক করেছে দেশটির পুলিশ। একটি রিসোর্টে কর্মরত এসব শ্রমিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে বলে আশঙ্কা করছেন সহকর্মীরা। আন্দোলনে যুক্ত প্রায় ১৫০ জন শ্রমিকও একই ঝুঁকিতে আছেন বলে জানা গেছে।
শ্রমিকেরা জানান, তাঁরা মূলত ‘আইমা’ নামের একটি নির্মাণ প্রতিষ্ঠানের অধীনে রিসোর্টে কাজ করেন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টার দিকে পুলিশ রিসোর্টে অভিযান চালিয়ে তাঁদের নিয়ে যায়।
মালদ্বীপে বাংলাদেশি শ্রমিক যেসব অভিযোগ তুলছেন
শ্রমিকদের দাবি, চুক্তিতে মাসিক বেতন ৩০০ মার্কিন ডলার নির্ধারিত থাকলেও এখন ডলারের বদলে দেওয়া হচ্ছে ৪ হাজার ৬০০ মালদ্বীপিয়ান রুফিয়া। চার-পাঁচ মাস ধরে বেতন বকেয়া। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাজের পর আরও প্রায় তিন ঘণ্টা ওভারটাইম করতে হয়। অসুস্থতার কারণে এক দিন অনুপস্থিত থাকলে ৫ ডলার কেটে নেওয়া হয়, আর রাজধানী মালেতে চিকিৎসার খরচ শ্রমিককেই বহন করতে হয়।
সূত্র জানায়, প্রতিষ্ঠানটি বেতনের অর্ধেক ডলারে দেওয়ার প্রস্তাব দিলেও শ্রমিকেরা তাতে রাজি হননি। এরপর তাঁদের কাজ বন্ধ করে দেওয়া হয়।
আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি
আটক শ্রমিকের প্রকৃত সংখ্যা, তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কতজনকে ফেরত পাঠানো হবে—সে বিষয়ে প্রতিষ্ঠানটি, পুলিশ বা মালদ্বীপ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। প্রবাসী শ্রমিকেরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, বকেয়া বেতন পরিশোধ এবং আটক ব্যক্তিদের আইনি অবস্থান নিয়ে স্বচ্ছতার দাবি জানিয়েছেন। বিষয়টিতে বাংলাদেশ হাইকমিশনের হস্তক্ষেপও প্রত্যাশা করছেন তাঁরা।
আরও পড়ুন: মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে চালু হলো ই-কনস্যুলার সেবা
তথ্যসূত্র: জাগো নিউজ
ছবি: / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 2.5) — মূল ছবি


