চলতি বছরের শুরু থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন ২৬ হাজার ১৯২ জন অনিয়মিত অভিবাসী। তাঁদের মধ্যে ৬ হাজার ৩৯ জনই বাংলাদেশের নাগরিক, যা মোট সংখ্যার ২৩ দশমিক ১ শতাংশ। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে, যা প্রকাশ করেছে অভিবাসনবিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস।
দেশভিত্তিক হিসাবে এ বছর ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে বাংলাদেশিরাই শীর্ষে। দ্বিতীয় অবস্থানে আলজেরিয়া (৩ হাজার ৪২০ জন, ১৩.১ শতাংশ)। এরপর রয়েছে সোমালিয়া (২ হাজার ৯৯৩), ইরিত্রিয়া (২ হাজার ৫৪১), সুদান (১ হাজার ৯৭২) ও পাকিস্তান (১ হাজার ৬৬০)।
সমুদ্রপথে ইতালিতে আগমন কমেছে অর্ধেকের বেশি
তবে মোট আগমন আগের দুই বছরের তুলনায় অনেক কম। গত বছরের একই সময়ে ইতালির উপকূলে পৌঁছেছিলেন ৫৮ হাজার ২৭৩ জন, আর ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৫৫ হাজার ৪৮। চলতি অক্টোবরে এখন পর্যন্ত এসেছেন ৩ হাজার ৩০১ জন; গত বছরের পুরো অক্টোবরে এসেছিলেন ৭ হাজার ৯৩৮ জন।
অর্থাৎ সামগ্রিক সংখ্যা কমলেও ঝুঁকিপূর্ণ ভূমধ্যসাগর পাড়ি দেওয়া মানুষের মধ্যে বাংলাদেশিদের অংশ উদ্বেগজনকভাবে বেশি। সাধারণত লিবিয়া ও তিউনিসিয়া উপকূল থেকে ছোট নৌকায় এ যাত্রা হয়, যাতে প্রতিবছর বহু প্রাণহানি ঘটে। অভিবাসন বিশেষজ্ঞরা দালালচক্রের ফাঁদে না পড়ে বৈধ পথে বিদেশে যাওয়ার পরামর্শ দিয়ে আসছেন।
অবতরণের সময় অভিবাসীদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁদের জাতীয়তা নির্ধারণ করা হয়েছে। ২ হাজার ৫৫ জনের (৭.৮ শতাংশ) জাতীয়তা এখনো যাচাই চলছে।
আরও পড়ুন: ইতালি থেকে ফিরে ১৫ দিন আগে বিয়ে, মাদারীপুরে ট্রাকচাপায় প্রাণ গেল প্রবাসীর
তথ্যসূত্র: জাগো নিউজ, ইনফোমাইগ্রেন্টস অবলম্বনে
ছবি: Commander, U.S. Naval Forces Europe-Africa/U.S. 6th Fleet / উইকিমিডিয়া কমন্স (Public domain) — মূল ছবি


