রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের সময় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় রাজীব চন্দ্র দাস নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়।
উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মনসুর জানান, ফেসবুকে দেওয়া এক পোস্টে রাজীব গাড়িতে আগুন দেওয়ার কথা স্বীকার করেছিলেন বলে অভিযোগ। প্রাথমিক জিজ্ঞাসাবাদেও তিনি দায় স্বীকার করেছেন। পল্লবী থানায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে সেই থানায় হস্তান্তর করা হয়েছে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ১ নভেম্বর মিরপুর-১০, ১১ ও ১৪ নম্বরে কয়েক শ পোশাকশ্রমিক সড়ক অবরোধ করেন। পুলিশ তাঁদের সরাতে গেলে সংঘর্ষ বাধে। পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। একপর্যায়ে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়।
তথ্যসূত্র: উত্তরা পশ্চিম থানা-পুলিশ, দ্য ডেইলি স্টার।


