বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। নতুন পদ্ধতিতে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক—এই তিন ধাপে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, ১০০ নম্বরের এমসিকিউ প্রিলিমিনারি পরীক্ষা হবে এক ঘণ্টার। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান থেকে ২৫ নম্বর করে প্রশ্ন থাকতে পারে। প্রতিটি ভুল উত্তরে কাটা যাবে ০.২৫ নম্বর, আর পাস করতে লাগবে অন্তত ৪০ শতাংশ নম্বর।
প্রিলিমিনারিতে উত্তীর্ণরা অংশ নেবেন তিন ঘণ্টার ১০০ নম্বরের লিখিত পরীক্ষায়। এরপর ২০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে।
নতুন ব্যবস্থায় আগের মতো শিক্ষক নিবন্ধন সনদ দেওয়ার বদলে পরীক্ষার ভিত্তিতে সরাসরি নিয়োগের পরিকল্পনা রয়েছে। এ কারণে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা না হয়ে এর পরিবর্তে ‘নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা’ আয়োজন করা হবে।
এনটিআরসিএ সূত্র জানায়, বর্তমানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা চলছে, যা ৯ ডিসেম্বর শেষ হওয়ার কথা। এরপর ডিসেম্বরেই নতুন নিয়োগ পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে। তবে বিধিমালা সংশোধন ও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পরই পরীক্ষার তারিখ, সিলেবাস ও নম্বর বণ্টন চূড়ান্ত হবে।
সর্বশেষ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ২০২৩ সালের ৪ নভেম্বর।
তথ্যসূত্র: জাগো নিউজ।


