জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, ডিসেম্বরে কেউ দেশে ফিরতে চাইলে তা প্রতিহত করতে ছাত্র-জনতা প্রস্তুত রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “ডিসেম্বরে কোনো আপার এদেশে আসার সুযোগ নেই।”
শনিবার (৭ নভেম্বর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং ‘জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে জাতীয় ছাত্রশক্তির নোবিপ্রবি শাখা।
নাহিদ ইসলাম বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ বিজয় অর্জন করেছে, আগামী দিনগুলোতেও ছাত্র-জনতাই বিজয়ী হবে।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর তারা উদারতা দেখিয়েছেন, কিন্তু দীর্ঘ সময়েও হত্যাকাণ্ডগুলোর বিচার হয়নি। বিচার না পেলে মানুষ নিজেরাই প্রতিরোধ গড়ে তোলে। তরুণদের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ এবং জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার।
তথ্যসূত্র: জাগো নিউজ।


