কক্সবাজারের টেকনাফে মানব পাচারবিরোধী অভিযানে পাচারকারীদের গুলিতে সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় তিনটি মামলা হয়েছে। হত্যা, মানব পাচার ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে করা এসব মামলায় মোট ৯৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও কয়েক ডজন। এ পর্যন্ত মূল আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
যেভাবে নিহত হন তিতাস
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, একটি সশস্ত্র পাচারকারী চক্র প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাংলাদেশিকে টেকনাফের রঙ্গিখালী পাহাড়ে জিম্মি করে রেখেছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৫ নভেম্বর বিকেল ৫টার দিকে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বিজিবি ও স্থানীয় পুলিশ যৌথ অভিযান শুরু করে। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গুলি ছুড়লে গোলাগুলি শুরু হয়।
এ সময় রঙ্গিখালী সেনাক্যাম্পের ১ বীর ইউনিটের সদস্য মো. তিতাস শেখ (২৭) বাঁ কাঁধে গুলিবিদ্ধ হন। অতিরিক্ত রক্তক্ষরণে গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে কাছের একটি হাসপাতালে, পরে রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ২০১৭ সালে সেনাবাহিনীতে যোগ দেওয়া তিতাসের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে। সেখানে তাঁকে দাফন করা হয়েছে।
অভিযানে পাচারকারীদের আস্তানা থেকে ৫৬ জন পাচারের শিকার ব্যক্তিকে উদ্ধার করা হয়। জব্দ করা হয় দুটি বিদেশি পিস্তল, চারটি গুলি ও অন্যান্য সরঞ্জাম।
তিন মামলার বিবরণ
- হত্যা মামলা: ঘটনার চার দিন পর রোববার রাতে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মিনহাজুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। এতে ২৭ জনের নাম ও অজ্ঞাতনামা ১৭ জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি রোহিঙ্গা ক্যাম্প-২৪-এর বাসিন্দা মোহাম্মদ, যিনি পালানোর সময় আটক হন।
- মানব পাচার মামলা: টেকনাফ মডেল থানার উপপরিদর্শক সৈকত মজুমদার বাদী হয়ে ৪১ জনের নাম ও অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করেছেন।
- অস্ত্র মামলা: একই উপপরিদর্শক বাদী হয়ে ২৭ জনের নাম ও অজ্ঞাতনামা ১৬-১৭ জনকে আসামি করেছেন।
আসামিদের বেশির ভাগই রোহিঙ্গা, কয়েকজন বাংলাদেশি নাগরিক। অভিযানের সময় চারজন এবং পরদিন আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম মামলাগুলোর তথ্য নিশ্চিত করেছেন।
তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার; আইএসপিআর


