বিশ্বের অন্যতম কঠিন মোটর র্যালি প্রতিযোগিতা ডাকার র্যালির ২০২৭ সালের আসর সৌদি আরবে হচ্ছে না। আয়োজক অ্যামোরি স্পোর্ট অর্গানাইজেশন (এএসও) এবং সৌদি মোটরস্পোর্ট কোম্পানি রোববার (২৫ অক্টোবর) যৌথভাবে এ সিদ্ধান্ত জানিয়েছে।
এএসও বলেছে, ‘অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতির’ কারণে এই ‘ব্যতিক্রমী ও একবারের’ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিরাপত্তা শঙ্কাই এর মূল কারণ। ইয়েমেনের হুতিদের হামলার কারণে সম্প্রতি সৌদি আরবে বেশ কয়েকটি ক্রীড়া আয়োজন ব্যাহত হয়েছে।
২০২৭ সালের ১ থেকে ১৫ জানুয়ারি র্যালিটি হওয়ার কথা ছিল। নতুন ভেন্যু কয়েক দিনের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছে এএসও। ২০২০ সাল থেকে সৌদি আরবেই আয়োজিত হয়ে আসছিল ডাকার র্যালি। আয়োজকেরা জানিয়েছেন, ২০২৮ সালে ৫০তম আসর দিয়ে র্যালিটি আবার সৌদি আরবে ফিরবে।
এর আগে ওয়ার্ল্ড র্যালি চ্যাম্পিয়নশিপ তাদের সূচি থেকে সৌদি আরবকে বাদ দিয়েছে। গলফের সৌদি ইন্টারন্যাশনাল অনির্দিষ্টকালের জন্য স্থগিত এবং টেনিসের সিক্স কিংস স্ল্যাম ডিসেম্বরে পিছিয়ে দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: অ্যামোরি স্পোর্ট অর্গানাইজেশন (এএসও), রয়টার্স


