কেপটাউন টেস্টের পঞ্চম দিনে অস্ট্রেলিয়াকে ১৭৬ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও ফিরে পেয়েছে প্রোটিয়ারা। ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে তারা এখন এক নম্বরে, ১২২ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া নেমে গেছে দুইয়ে। ম্যাচটি ড্র করতে পারলেই শীর্ষস্থান ধরে রাখত অস্ট্রেলিয়া।
শেষ দিনে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ২২৮ রান, হাতে ছিল ১০ উইকেট। কিন্তু প্রথম ওভারেই কাগিসো রাবাদা ফিরিয়ে দেন ম্যাট রেনশ ও মারনাস লাবুশেনকে। এরপর অফ স্পিনার সাইমন হারমারের ঘূর্ণিতে মধ্যাহ্নবিরতির আগেই ৬০ রানে ৭ উইকেট হারায় সফরকারীরা।
হারমারের ১০ উইকেট, রাবাদার ৩৫০
বিরতির পর ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স ও নাথান লায়ন টানা ১২টি মেডেন খেলে প্রতিরোধের চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র ১১১ রানে। দ্বিতীয় ইনিংসে ১৬ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেন হারমার; ম্যাচে তাঁর উইকেট ১০টি, হয়েছেন ম্যাচসেরা। রাবাদা ৩৯ রানে ৩ উইকেট নিয়ে পূর্ণ করেছেন টেস্টে ৩৫০ উইকেট।
ম্যাচে দক্ষিণ আফ্রিকা করেছিল ৩২৯ ও ৩৮৭ রান; উইয়ান মুল্ডার ১১৫ ও রায়ান রিকেলটন ১০১ রানের ইনিংস খেলেন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ছিল ৪২৯। সিরিজসেরা হয়েছেন মার্কো ইয়ানসেন। দক্ষিণ আফ্রিকার পরের সিরিজ ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে।
আরও পড়ুন: ১৭ ইনিংস পর সাদমানের সেঞ্চুরি, এরপর বিশপের ঘূর্ণিতে দ্রুত উইকেট হারাল বাংলাদেশ
তথ্যসূত্র: প্রথম আলো
ছবি: EGilham / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি


