ইরানের অস্ত্র আমদানির পথ বন্ধ করতে ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামে বিশেষ একটি ইউনিট গঠন করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
বিবৃতিতে বলা হয়, সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের নির্দেশে প্রায় ২০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তা নিয়ে ইউনিটটি গঠিত হয়েছে। এর সদর দপ্তর হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পায়।
নতুন এই টাস্কফোর্স ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে উন্নত অস্ত্র, দ্বৈত ব্যবহারের প্রযুক্তি ও নিষেধাজ্ঞাভুক্ত পণ্য পরিবহনের ওপর নজরদারি করবে এবং তা ঠেকানোর চেষ্টা করবে। মার্কিন বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে ইউনিটটি।
অ্যাডমিরাল কুপার বলেন, এই উদ্যোগ সমুদ্রে ইরানের বিরুদ্ধে চলমান অবরোধকে আরও কার্যকর করবে এবং তেহরানের অস্ত্র কারখানা পুনর্গঠন ও সামরিক মজুত বাড়ানোর সক্ষমতা সীমিত করবে।
সম্প্রতি রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, প্রায় পাঁচ হাজার প্রতিষ্ঠানের একটি গোপন নেটওয়ার্ক ব্যবহার করে চীন, রাশিয়া ও জার্মানিসহ বিভিন্ন দেশ থেকে দুই বিলিয়ন ডলারের বেশি মূল্যের অস্ত্র ও সরঞ্জাম আমদানি করেছে ইরান।
এদিকে পারস্য উপসাগর ও ওমান উপসাগরসংলগ্ন ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ বহাল রয়েছে। সেন্টকমের দাবি, এই অবরোধের কারণে সাম্প্রতিক মাসগুলোতে ইরান ২৫ বিলিয়ন ডলারের বেশি মূল্যের অপরিশোধিত তেল রপ্তানি করতে পারেনি। তবে মানবিক সহায়তাবাহী পণ্য এ বিধিনিষেধের বাইরে থাকবে।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি, জাগো নিউজ।


