যুক্তরাষ্ট্রে স্বল্প সফর শেষে দেশে ফিরছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।
দেশে ফিরেই নতুন সিনেমা ‘নিঃস্ব’র কাজ শুরু করবেন শাকিব। আগামী সপ্তাহে ঢাকায় দুই দিনের শুটিং শেষে পুরো ইউনিট নিয়ে কলকাতায় যাবেন নির্মাতা। সেখানে টানা এক মাসেরও বেশি সময় ধরে চলবে ছবিটির শুটিং।
ঘনিষ্ঠ সূত্রের দাবি, ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। খলনায়ক চরিত্রে বলিউডের একজন জনপ্রিয় অভিনেতাকে নেওয়ার আলোচনাও অনেকদূর এগিয়েছে বলে জানা গেছে।
এর আগে সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ ছবির শুটিংয়ে অংশ নেওয়ার কথা থাকলেও আপাতত সেই পরিকল্পনা স্থগিত রয়েছে। ফলে এখন ‘নিঃস্ব’ নিয়েই ব্যস্ত সময় কাটাবেন এই তারকা।
সম্প্রতি টানা দুই মাসের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছিলেন শাকিব। অল্প দিনের বিরতিতে আবার সেখানে গিয়ে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন তিনি।
তথ্যসূত্র: জাগো নিউজ।


