নব্বইয়ের দশকের টালিউডের পরিচিত পরিচালক ও চিত্রনাট্যকার অমল রায় ঘটক মারা গেছেন। শনিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন এই নির্মাতা। তার মৃত্যুর খবর জানিয়েছেন ভাই ও বাচিকশিল্পী অলোক রায় ঘটক।
পরিবার সূত্রে জানা গেছে, কেমোথেরাপি প্রায় শেষ পর্যায়ে ছিল এবং চিকিৎসায় কিছুটা সাড়াও দিচ্ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত আর ফেরা হয়নি।
অ্যাকশননির্ভর ছবির দাপটের সময়েও মননশীল ও ভিন্নধর্মী গল্প নিয়ে কাজ করে আলাদা পরিচিতি গড়েছিলেন অমল রায় ঘটক। তার পরিচালিত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে সুপ্রিয়া দেবী, রূপা গাঙ্গুলি ও দোলন রায় অভিনীত ‘উজান’, ‘কাঁচের পৃথিবী’, তাপস পাল-ইন্দ্রাণী হালদারের ‘দেবর’ এবং রঞ্জিত মল্লিক অভিনীত ‘শ্রীমান ভূতনাথ’।
চিত্রনাট্যকার হিসেবে সৌমিত্র চট্টোপাধ্যায় ও রূপা গাঙ্গুলি অভিনীত ‘মানসী’ এবং মুনমুন সেন, তাপস পালদের ‘ব্যবধান’ ছবিতেও কাজ করেছেন তিনি। কর্মজীবনে তপন সিংহ, অরুন্ধতী দেবী ও হেমন্ত মুখোপাধ্যায়ের মতো গুণীজনের সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল তার।
তথ্যসূত্র: জাগো নিউজ।


