‘রামায়ণ’ সিনেমায় রামের চরিত্রে অভিনয় করে আলোচনায় থাকা বলিউড তারকা রণবীর কাপুর জানিয়েছেন, অভিনেতা হিসেবে এটিই হয়তো তার ক্যারিয়ারের শেষ দশক। আগামী দশ বছর পর অভিনয় থেকে সরে দাঁড়িয়ে পরিচালনায় মনোযোগ দিতে চান তিনি।
ছবিটির প্রচারণায় দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর বলেন, চলচ্চিত্র পরিচালনার প্রতি তার আগ্রহ দীর্ঘদিনের। “আমি সত্যিই চাই, আগামী দু-তিন বছরের মধ্যে আমার পরিচালনায় প্রথম সিনেমার কাজ শুরু করতে,”—বলেন তিনি। এরই মধ্যে কয়েকটি চিত্রনাট্য নিয়ে ভাবনাচিন্তাও শুরু করেছেন।
রামের চরিত্রের জন্য প্রায় এক বছর কঠোর নিয়ম মেনে জীবনযাপন করেছেন রণবীর। পৌরাণিক কাহিনিনির্ভর ছবিটি নিয়ে ভারতজুড়ে এখন আলোচনা-সমালোচনা চলছে।
অভিনয় ছাড়ার ইঙ্গিতে মন খারাপ ভক্তদের। সামাজিক মাধ্যমে একজন লিখেছেন, “সবে ৪৪ বছর বয়স, এখনই অভিনয় ছাড়ার কথা বলবেন না।” তবে রণবীর স্পষ্ট করেছেন, এখনই তিনি অভিনয় ছাড়ছেন না; বরং অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও নিজেকে প্রমাণ করতে চান।
তথ্যসূত্র: জাগো নিউজ।


