আলফ্রেড হিচককের ১৯৬৩ সালের ক্ল্যাসিক ‘দ্য বার্ডস’ আবার পর্দায় ফিরছে, তবে এবার সিনেমা নয়, সীমিত পর্বের টেলিভিশন সিরিজ হিসেবে। মার্কিন বিনোদন সাময়িকী ভ্যারাইটির খবর অনুযায়ী, এইচবিও ও ইউনিভার্সাল গ্লোবাল টেলিভিশন যৌথভাবে প্রকল্পটি তৈরি করছে। এটি সরাসরি রিমেক নয়; হিচককের ছবি ও ড্যাফনি দু মরিয়েরের ১৯৫২ সালের ছোটগল্প থেকে অনুপ্রাণিত নতুন গল্প।
প্রধান চরিত্রে থাকছেন অস্ট্রেলীয় অভিনেত্রী সারা স্নুক, যিনি ‘সাকসেশন’-এ শিভ রয় চরিত্রে অভিনয় করে এমি ও দুটি গোল্ডেন গ্লোব জিতেছেন। ২০২৫ সালে একক মঞ্চনাটক ‘দ্য পিকচার অব ডোরিয়ান গ্রে’র জন্য টনি অ্যাওয়ার্ডও পান তিনি।
নতুন ‘দ্য বার্ডস’-এর গল্প
মূল ছবির পটভূমি ছিল ক্যালিফোর্নিয়ার বোডেগা বে; নতুন সিরিজের গল্প সরে যাচ্ছে বর্তমান সময়ের আলাস্কায়। স্নুক অভিনয় করবেন মায়রা ম্যাসি চরিত্রে—সন্তানের অভিভাবকত্ব নিয়ে তিক্ত লড়াইয়ের পর ছোট মেয়েকে নিয়ে নিজের শহরে ফেরেন তিনি। সেখানে শৈশবের এক বন্ধুর নিখোঁজ হওয়ার রহস্য খুঁজতে গিয়ে একের পর এক হুমকির মুখে পড়েন, আর শুরু হয় পাখিদের রহস্যময় আক্রমণ।
প্রথম পর্ব লিখেছেন ‘দ্য লেফটওভারস’ ও ‘ওয়াচমেন’-খ্যাত টম স্পেজিয়ালে। ‘হ্যারি পটার’ সিনেমার প্রযোজক ডেভিড হেম্যানের প্রতিষ্ঠান হেইডে টেলিভিশনও যুক্ত আছে। প্রকল্পটি এখনো প্রাথমিক উন্নয়ন পর্যায়ে; শুটিং বা মুক্তির তারিখ ঘোষণা হয়নি।
এর আগে ২০০৭ সালে নাওমি ওয়াটসকে নিয়ে এবং ২০১৭ সালে বিবিসির উদ্যোগে ‘দ্য বার্ডস’ নতুন করে বানানোর পরিকল্পনা হলেও কোনোটিই আলোর মুখ দেখেনি।
আরও পড়ুন: নোয়া ওয়াইলি পিপলের ‘সেক্সিয়েস্ট ম্যান অ্যালাইভ’, প্রথমে ভেবেছিলেন মজা করা হচ্ছে
তথ্যসূত্র: প্রথম আলো, ভ্যারাইটি অবলম্বনে
ছবি: Frank Schulenburg / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি


