যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ‘হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জ (এইচইআরসি) ২০২৭’-এ অংশ নেওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশের স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীদের একটি দল। ‘বাংলাদেশ ইন্টারপ্ল্যানেটারি রোভার টিম (বিআইআরটি)’ নামের দলটি প্রতিযোগিতার মিডল/হাইস্কুল রিমোট-কন্ট্রোল বিভাগে নির্বাচিত ১৩টি দলের একটি।
নাসার প্রকাশিত তালিকা অনুযায়ী, এই বিভাগে বাংলাদেশ থেকে তো বটেই, পুরো এশিয়া থেকেই এটি একমাত্র দল। গত ৮ অক্টোবর দলটিকে নির্বাচনের খবর জানানো হয়।
দলে যারা
দেশের বিভিন্ন স্কুল ও কলেজের নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এ দলে আছে। দলনেতা শাফি বিন সুলতান মেকানিক্যাল ডিজাইন, ইলেকট্রিক্যাল কাজ ও প্রেজেন্টেশন দেখভাল করছে। সহদলনেতা সাবিক বিন সুলতান সামলাচ্ছে রোভারের সামগ্রিক নকশা ও কারিগরি সমন্বয়। মেকানিক্যাল লিড ও পাইলট সাফওয়ান সাদাদ কাজ করছে চেসিস ও ড্রাইভট্রেন নিয়ে। পাইলট মারিয়া সুলতান রোভার পরিচালনা ও নথিপত্রে এবং আরণ্য আবীর খান প্রাপ্য নিরাপত্তা ও ডকুমেন্টেশনে দায়িত্ব পালন করছে।
দলের গাইড হিসেবে আছেন সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক সুদেব পাল এবং কারিগরি পরামর্শক হিসেবে ইউনিভার্সিটি অব স্কলার্সের জ্যেষ্ঠ প্রভাষক আবু এম ফুয়াদ।
সামনে যে ধাপগুলো
এইচইআরসি নয় মাসব্যাপী একটি কর্মসূচি। এতে দলগুলোকে মানুষচালিত বা রিমোট-নিয়ন্ত্রিত এমন রোভার নকশা, তৈরি ও পরীক্ষা করতে হয়, যা বন্ধুর পথ পেরিয়ে নির্দিষ্ট মিশন সম্পন্ন করতে পারে। বিআইআরটিকে চলতি মাসেই ডিজাইন রিভিউ প্রতিবেদন জমা দিতে হবে; ৩০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে হবে উপস্থাপনা। এরপর অপারেশনাল, মিশন ও এক্সকারশন রেডিনেস রিভিউ পেরিয়ে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২১ থেকে ২৪ এপ্রিল, যুক্তরাষ্ট্রের আলাবামার হান্টসভিলে ইউএস স্পেস অ্যান্ড রকেট সেন্টারে।
তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার; নাসা


