ক্লাসের ফাঁকে বেঞ্চের ওপর কলম রেখে টোকা দিয়ে প্রতিপক্ষের কলম ফেলে দেওয়ার খেলা ‘পেন ফাইট’—নব্বইয়ের দশকের স্কুলজীবনের সেই স্মৃতি এবার ফিরে এসেছে অনলাইন গেম হিসেবে। গেমটি তৈরি করেছেন অস্ট্রিয়ার সালজবুর্গে কর্মরত বাংলাদেশি সফটওয়্যার প্রকৌশলী মহি উস সুন্নাত।
সুন্নাত বাংলাদেশে ‘শুন্নেক ল্যাবস’ নামে একটি প্রযুক্তি ও ডিজিটাল পণ্য স্টুডিও প্রতিষ্ঠা করেছেন। প্রতিষ্ঠানটির নতুন গেমিং বিভাগের প্রথম গেম এই পেন ফাইট। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার নব্বইয়ের দশকের শিশুদের প্রিয় খেলাগুলো ডিজিটালভাবে ফিরিয়ে আনাই এই বিভাগের লক্ষ্য। নিজের স্কুলজীবনের বড় একটা সময় এই খেলায় কেটেছে বলে জানান সুন্নাত; সেই উত্তেজনা আর বন্ধুদের হাসি-আনন্দ ফিরিয়ে আনতেই তাঁর এই উদ্যোগ।
কীভাবে খেলবেন
- কোনো অ্যাপ নামাতে হয় না, ওয়েব ব্রাউজারেই খেলা যায়।
- কম্পিউটারের সঙ্গে, একই ডিভাইসে পালা করে বন্ধুর সঙ্গে কিংবা অনলাইনে অন্যদের সঙ্গে খেলা যায়। অনলাইনে খেলতে সাইন ইন করতে হয়।
- বন্ধুদের সঙ্গে খেলতে লিংক, কিউআর কোড বা রুম কোড দিয়ে প্রাইভেট রুম তৈরি করা যায়।
- প্রতি পালার পর টেবিলের কিনারা ভেতরের দিকে সরে আসে, ফলে খেলা যত গড়ায় জায়গা তত কমে।
কম্পিউটারের বিপক্ষে ইজি, নরমাল ও হার্ড—তিনটি স্তর রয়েছে; সাইন ইন করলে খোলে মাস্টার স্তর। খেলোয়াড়ের লেভেল, জয়, খেলার সময়, দ্রুততম জয়সহ নানা পরিসংখ্যান এবং সাপ্তাহিক ও সর্বকালের র্যাংকিং দেখা যায়।
চালু হওয়ার পর থেকে ৩৪ হাজারের বেশি খেলোয়াড় প্রায় ৮ হাজার ৩০০ ঘণ্টা গেমটি খেলেছেন, ম্যাচ হয়েছে ৪ লাখ ৪০ হাজারের বেশি। শিগগিরই খেলোয়াড়েরা নিজেদের মতো কলম ডিজাইন করার সুযোগ পাবেন বলে জানিয়েছেন নির্মাতা।
তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার


