চার দশকের বেশি সময় পর আবার বিলবোর্ড ২০০ অ্যালবাম চার্টের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মাইকেল জ্যাকসনের কালজয়ী অ্যালবাম ‘থ্রিলার’। ১৪ নভেম্বর তারিখের চার্টে ১৩ নম্বর থেকে একলাফে দুইয়ে উঠেছে অ্যালবামটি। এর আগে ১৯৮৪ সালে টানা ৩৭ সপ্তাহ শীর্ষে থাকার পর সর্বশেষ দ্বিতীয় স্থানে ছিল এটি।
এক সপ্তাহে ৫৫ হাজার ইউনিট
৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বরের হিসাবে ‘থ্রিলার’ ৫৫ হাজার সমতুল্য অ্যালবাম ইউনিট পেয়েছে, যা আগের সপ্তাহের চেয়ে ৮৯ শতাংশ বেশি। এর মধ্যে স্ট্রিমিং থেকে ৩২ হাজার, সরাসরি অ্যালবাম বিক্রি থেকে ২২ হাজার এবং গানভিত্তিক বিক্রি থেকে ১ হাজার ইউনিট এসেছে। সপ্তাহটিতে অ্যালবামের গানগুলো প্রায় ৩ কোটি ৪৩ লাখবার স্ট্রিম হয়েছে।
ভিনাইল রেকর্ড বিক্রি হয়েছে ১৯ হাজার কপি। ১৯৯১ সালে ইলেকট্রনিক উপায়ে বিক্রি হিসাব শুরুর পর এটিই অ্যালবামটির ভিনাইল বিক্রির সেরা সপ্তাহ।
কেন হঠাৎ উত্থান
- হ্যালোইন মৌসুমে ‘থ্রিলার’ গানটির স্ট্রিমিং ব্যাপক বেড়েছে।
- ৩০ অক্টোবর দুটি রঙিন ও একটি তরলভর্তি ভিনাইলসহ তিনটি নতুন ভিনাইল এবং একটি ক্যাসেট সংস্করণ বাজারে এসেছে।
- জ্যাকসনের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’ মুক্তির পর থেকেই অ্যালবামটির প্রতি নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
একক শিল্পীর অ্যালবাম হিসেবে সবচেয়ে বেশি সপ্তাহ শীর্ষে থাকার রেকর্ড ‘থ্রিলার’-এর দখলে। এর চেয়ে বেশি সময় শীর্ষে ছিল কেবল ‘ওয়েস্ট সাইড স্টোরি’র সাউন্ডট্র্যাক। ২০০৯ সালের জুনে জ্যাকসনের মৃত্যুর পর থেকে প্রতিবছরই অ্যালবামটি বিলবোর্ড ২০০ তালিকায় জায়গা করে নিয়েছে।
তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার; বিলবোর্ড


