
ভোক্তাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রথম দুই সপ্তাহ নিত্যপণ্যের দাম কিছুটা কমিয়েছিলেন ব্যবসায়ীরা। কিন্তু সময় পার হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসায়ী সিন্ডিকেট নিজেদের রং পরিবর্তন করে আগের মতোই দাপিয়ে বেড়াচ্ছে। অথচ সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
এ বিষয়ে কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন কালের কণ্ঠকে বলেন, বাজারে সিন্ডিকেট চলমান। ব্যবসায়ীরা এখন নতুন রূপে আসছেন। ৫ আগস্টের পর দুই সপ্তাহের মতো পণ্যের দাম কিছুটা কম ছিল। এরপর ব্যবসায়ীরা বুঝে গেলেন, বর্তমান সরকারও ব্যবসায়ীদের বিষয়ে তেমন কিছু করবে না। এ কারণে তাঁরা তাঁদের কার্যক্রম আগের মতোই রেখেছেন।
আমদানিকারকরা চিনির দাম সম্পর্কে বলছেন, প্রতি কেজি চিনিতে সব ধরনের ভ্যাট-ট্যাক্সসহ সরকারকে দিতে হয় ৪০ থেকে ৪২ টাকা। এতে আমদানি করা চিনির দাম বেড়ে যায়। অন্যদিকে ভারত থেকে চোরাই পথে চিনি আসার কারণে তাঁরা চাপে পড়ছেন। ফলে কমছে না চিনির দাম।



