মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

নতুন পরিচয়ে সামনে আসতে চলেছেন অপু বিশ্বাস

ঢালিউড কুইন অপু বিশ্বাস ফেসবুকে সবসময় সরব থাকেন। কখনও সত্যের পক্ষে আবার বন্যা পরিস্থিতি নিয়েও তাকে কথা বলতে দেখা গেছে। তবে দেশের প্রথম সারির এই নায়িকা নতুন পরিচয়ে সামনে আসবেন খুব শিগগির।

অপু বিশ্বাস তার নিজের ইউটিউব চ্যানেলে উপস্থাপকের ভূমিকায় হাজির হবেন। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের জন্য বেশ কিছু প্রোগ্রাম নির্মাণ করার পরিকল্পনা করছেন এই অভিনেত্রী।

তার অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের তারকাসহ সংবাদকর্মীরাও অতিথি হয়ে আসতে পারেন। তিনি এতদিন অতিথির চেয়ারে বসতেন এবার তার পরিচয়টা একটু বদলে যাচ্ছে। তবে তা শুধু নিজের চ্যানেলের জন্য।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘আমাকে যারা এতদিন প্রশ্ন করেছেন, এবার আমি তাদের প্রশ্ন করব। এটা নতুন ধরনের এক অভিজ্ঞতা। আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে একটি করে পর্ব প্রকাশ হতে থাকবে। এক নতুন পরিচয়ে হাজির হচ্ছি আমি, তাই আমার নিজেরও এক ধরনের নার্ভাসনেস ও কৌতূহল তৈরি হচ্ছে।’
 
কাদেরকে অতিথি হিসেবে আনবেন, সেটাও জানিয়েছেন এই নায়িকা। অপুর ভাষায়, ‘প্রথম ধাপে গণমাধ্যমকর্মী ও চলচ্চিত্র নির্মাতাদের অতিথি করে এনেছি, তাদের প্রশ্ন করেছি। দারুণ সব প্রশ্নোত্তরে অনেক কিছুই জানা যাবে। দর্শকরাও বেশ আনন্দ পাবেন।’
 
জানা গেছে, ইতোমধ্যে রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর একটি স্টুডিওতে প্রথম ধাপের সব পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই অপু বিশ্বাসের ইউটিউব চ্যানেলে এসব প্রকাশ হবে। যেখানে দর্শকরা দেখতে পাবেন অপু বিশ্বাসকে নতুন পরিচয়ে।
 
এর আগে ফেসবুকে ঢালিউড কুইন ভয়াবহ বন্যা পরিস্থিতির চারটি ছবি শেয়ার করেন। যেখানে তিনি সবাইকে উত্তরাঞ্চলে বন্যায় পানিবন্দি পরিবারদের সাহায্যের আহ্বান জানান।

ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছিলেন, ‘উত্তরাঞ্চলের চার জেলা লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও রংপুরের ২৫ হাজারের বেশি পরিবার পানিবন্দি। আসুন আমরা ফেনী, নোয়াখালী, কুমিল্লার মতো পানিবন্দি এই মানুষ গুলোর পাশেও দাঁড়াই।’
 
অপু বিশ্বাস ২০০৬ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আসেন। তিনি ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসেবে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। অপু বিশ্বাস ৭২টিরও অধিক চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। 
 
(সুত্রঃ সময় নিউজ)
 
আরও পড়ুন  জয়াকে কোন হিরোর সঙ্গে দেখলে হিংসে হতো: অমিতাভকে প্রশ্ন আমিরের

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ