দেশে এআই দিয়ে তৈরি সৃজনশীল কাজের স্বীকৃতি দিতে আয়োজিত প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস ২০২৬-এর চূড়ান্ত বিচারকাজ শেষ হয়েছে। স্পাইকস্টোরি লিমিটেডের উদ্যোগে ও প্রাণ-আরএফএলের পৃষ্ঠপোষকতায় এ এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস আয়োজন করা হয়েছে। চূড়ান্ত বিচারকাজ হয় দ্য ডেইলি স্টার কনফারেন্স হলে।
বিচারক যাঁরা
বিচারকমণ্ডলীতে ছিলেন চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, প্রাণ-আরএফএলের হেড অব মার্কেটিং তানজিলা বাহার চৌধুরী, সিবস সল্যুশনের প্রতিষ্ঠাতা হাসিব হাসান চৌধুরী, হাভাস বাংলাদেশের সিইও কিংকর আহসান, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের সাজিদ মাহবুব, ড্রিকের ড্রামার হাসিবুল হোসেন উপল, হাউস অব আহমেদের আহমেদ তুহিন রেজা, শূন্যের লিড গিটারিস্ট ইসমামুল ফারহাদ এবং সংগীতশিল্পী মাহাদী ফয়সাল।
এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস-এর চার বিভাগ
এবার প্রতিযোগিতা হচ্ছে চারটি বিভাগে—এআই বিজ্ঞাপন, এআই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, এআই মিউজিক ভিডিও ও এআই ফ্যাশন। আয়োজনের প্রতিপাদ্য ‘হিউম্যান ক্রিয়েটিভিটি, এআই পসিবিলিটিজ’। আয়োজকেরা বলছেন, শুধু প্রযুক্তির ব্যবহার নয়, কাজের পেছনের মৌলিক ভাবনা, গল্প বলার দক্ষতা, নান্দনিকতা ও সামগ্রিক প্রভাব দেখে বিচার করা হয়েছে।
উদ্যোক্তাদের লক্ষ্য, নতুন প্রজন্মের ক্রিয়েটরদের পরীক্ষা-নিরীক্ষায় উৎসাহ দেওয়া এবং তাঁদের শিল্প খাতের অভিজ্ঞ পেশাজীবীদের সঙ্গে যুক্ত করা। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের তারিখ পরে আয়োজকদের আনুষ্ঠানিক মাধ্যমে জানানো হবে।
বিজ্ঞাপন ও বিনোদনশিল্পে জেনারেটিভ এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। এমন প্রতিযোগিতা দেশের তরুণ ক্রিয়েটরদের আন্তর্জাতিক মানের কাজের দিকে এগিয়ে নিতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: আগাম নোটিশ ছাড়াই ভারতে ৫৫০ কর্মী ছাঁটাই করল মার্কিন এআই কোম্পানি ইনোডাটা
তথ্যসূত্র: জাগো নিউজ
ছবি: El contenido de Pixabay se pone a su disposición en los sigu / উইকিমিডিয়া কমন্স (CC0) — মূল ছবি


