ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে। এ ধাপে সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, কোনো উপজেলার যেসব ইউপির মেয়াদ শেষ হয়েছে, সেগুলোর ভোট একই ধাপে রাখা হবে, যাতে একটি উপজেলায় একাধিকবার নির্বাচনী আয়োজন করতে না হয়।
পাঁচ ধাপের সম্ভাব্য সূচি
- প্রথম ধাপ: ২১ জানুয়ারি ২০২৭
- দ্বিতীয় ধাপ: ৪ ফেব্রুয়ারি ২০২৭
- তৃতীয় ধাপ: ২৯ এপ্রিল ২০২৭
- চতুর্থ ধাপ: ১৩ মে ২০২৭
- পঞ্চম ধাপ: ২৭ মে ২০২৭
গত ১২ অক্টোবর ইসি এই ধাপভিত্তিক সময়সূচি জানিয়েছিল। তখন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছিলেন, মেয়াদ শেষ হয়েছে বা এই চক্রের মধ্যে শেষ হবে—এমন প্রায় ৪ হাজার ৩০০ ইউপিতে ভোট হবে।
ইভিএম থাকছে না
সিনিয়র সচিব জানান, আগামী নির্বাচনগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। তবে ইসির কাছে থাকা ইভিএমগুলো নিয়ে কী করা হবে, সে সিদ্ধান্ত এখনো হয়নি। সিটি করপোরেশন ও উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল যথাসময়ে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
এ ছাড়া ছয় বছর বয়স থেকেই নাগরিকদের তথ্য সংগ্রহ করে একটি ডেটাবেজ তৈরির কথা ভাবছে ইসি। প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির সময় নেওয়া তথ্য পরে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।
তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড


