মুক্তির প্রথম সপ্তাহান্তেই উত্তর আমেরিকার বক্স অফিসের শীর্ষে উঠে এসেছে জাপানি সিনেমা ‘গডজিলা মাইনাস জিরো’। ২০২৩ সালের আলোচিত ও অস্কারজয়ী ‘গডজিলা মাইনাস ওয়ান’-এর সিক্যুয়েল এটি। পরিচালনা করেছেন তাকাশি ইয়ামাজাকি।
জাপানের তোহো প্রযোজিত ছবিটি যুক্তরাষ্ট্রে পরিবেশন করছে জিকিডস। মুক্তির দিন শুক্রবার ৩ হাজার ২৫৪টি প্রেক্ষাগৃহ থেকে ছবিটির আয় দাঁড়ায় ১ কোটি ৪৫ লাখ ডলার। তিন দিনের সপ্তাহান্তে আয় প্রায় ৩ কোটি ২০ লাখ ডলারে পৌঁছাতে পারে বলে প্রাথমিক হিসাবে ধারণা করা হচ্ছে।
সেরা পাঁচে আর যারা
- দ্য ক্যাট ইন দ্য হ্যাট (ওয়ার্নার ব্রাদার্স অ্যানিমেশন): শুক্রবার আয় ৬০ লাখ ডলার; সপ্তাহান্তে সম্ভাব্য ১ কোটি ৮৭ লাখ ডলার।
- ড্রামার বয় (অ্যাঞ্জেল স্টুডিওস): সপ্তাহান্তে সম্ভাব্য আয় ৭৯ লাখ ডলার।
- ইউ ক্যান সি এভরিথিং (এ২৪): চতুর্থ সপ্তাহে সম্ভাব্য আয় প্রায় ৮০ লাখ ডলার; উত্তর আমেরিকায় মোট আয় ছাড়িয়েছে ৭ কোটি ৩০ লাখ ডলার।
- ওয়াইল্ড হর্স নাইন: সপ্তাহান্তে সম্ভাব্য আয় ৫৫ লাখ ডলার।
এ ছাড়া ভারতীয় পৌরাণিক ঘরানার ছবি ‘রামায়ণ: রাইজ অব আ লিজেন্ড’ তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে। বৃহস্পতি থেকে রোববার—চার দিনে ছবিটির আয় ১ কোটি ৮ লাখ ডলারে পৌঁছাতে পারে।
উল্লেখ্য, আগের ছবি ‘গডজিলা মাইনাস ওয়ান’ সীমিত বাজেটে তৈরি হলেও সেরা ভিজ্যুয়াল এফেক্টসের জন্য অস্কার জিতে বিশ্বজুড়ে সাড়া ফেলেছিল। সে সাফল্যের ধারাবাহিকতাতেই নতুন ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে।
তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার


