এবারের এইচএসসির ফলে শহর-গ্রামের ব্যবধান স্পষ্ট হয়ে উঠেছে। বড় শহরের শিক্ষার্থীরা পাসের হার ও জিপিএ-৫ দুই ক্ষেত্রেই প্রান্তিক জেলার শিক্ষার্থীদের চেয়ে অনেক এগিয়ে।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার প্রথমবার অভিন্ন প্রশ্নে পরীক্ষা হয়। সেখানে সার্বিক পাসের হার ৫১.৬২ শতাংশ। কিন্তু ঢাকা মহানগরে পাসের হার ৭৯.৩৩ এবং চট্টগ্রাম মহানগরে ৬৬.২০ শতাংশ। অন্যদিকে মানিকগঞ্জ, খাগড়াছড়ি, নওগাঁ, ঝালকাঠি ও মৌলভীবাজারে পাসের হার ছিল ২৯.৮৫ থেকে ৪৩.৮৪ শতাংশের মধ্যে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এম নিয়াজ আসাদুল্লাহর মতে, এটি শিক্ষার সুযোগে কাঠামোগত বৈষম্যের প্রতিফলন। কোচিং, প্রাইভেট টিউশন ও শিক্ষা উপকরণের সুবিধা ঢাকার শিক্ষার্থীদের এগিয়ে রাখছে।
তথ্যসূত্র: শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণ, দ্য ডেইলি স্টার।


