ইসরায়েলের নির্বাচন শেষে বুথফেরত জরিপে গভীর রাতে নাটকীয় মোড় এসেছে। ভোট গ্রহণ শেষে প্রথমে বিরোধী জোট এগিয়ে থাকার আভাস মিললেও পরে বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী জোট অল্প ব্যবধানে এগিয়ে যায়।
ইসরায়েলের নির্বাচন: কে কত আসনে এগিয়ে
চ্যানেল টুয়েলভের বরাতে আল জাজিরা জানায়, নেতানিয়াহুর জোট ৫২ আসনে এবং সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৯ আসনে এগিয়ে। আরব দলগুলো এগিয়ে ১৯ আসনে। তবে কান ইলেভেন ও চ্যানেল থার্টিনের হিসাবে দুই শিবিরই ৫১টি করে আসনে এগিয়ে।
১২০ আসনের নেসেটে সরকার গঠনে প্রয়োজন ৬১ আসন। আরব দলগুলো নেতানিয়াহুর ঘোর বিরোধী হওয়ায় তাঁর পক্ষে সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছানো কঠিন। আবার আরব দলগুলোর সরাসরি সমর্থন ছাড়া আইজেনকটের পক্ষেও জোট সরকার গড়া সহজ নয়। ফলে দেশটিতে আবারও রাজনৈতিক অচলাবস্থার আশঙ্কা দেখা দিয়েছে।
আরও পড়ুন: জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন
তথ্যসূত্র: প্রথম আলো
ছবি: Clema12 / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি


