বৃহস্পতিবার, অক্টোবর 29, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

প্রধানমন্ত্রীর জাপান সফর: ৬ সহযোগিতা নথি সই, ২৯.৫৫ কোটি ডলার ঋণের প্রতিশ্রুতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের জাপান সফরে দুই দেশের মধ্যে ছয়টি সহযোগিতা নথি সই হয়েছে। একই সঙ্গে দুটি উন্নয়ন প্রকল্পে প্রায় ২৯ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে টোকিও। বুধবার (২৮ অক্টোবর) সফরের অর্জন তুলে ধরে এ তথ্য জানান উপ-প্রেস সচিব শাহাদাত স্বাধীন।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশটি সফর করছেন প্রধানমন্ত্রী।

কোন কোন খাতে সহযোগিতা

সই হওয়া নথিগুলোর মধ্যে সবচেয়ে বড়টি উপকূলীয় নিরাপত্তা নিয়ে। বাংলাদেশের উপকূল পাহারার সক্ষমতা বাড়াতে একটি টহল জাহাজ দেবে জাপান, এ জন্য সর্বোচ্চ ২১২ কোটি ইয়েন (প্রায় ১ কোটি ৩৪ লাখ ডলার) অনুদান চুক্তি হয়েছে।

এ ছাড়া ব্যবসার পরিবেশ উন্নয়নে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের একটি সহযোগিতা স্মারক (এমওসি) সই হয়েছে। কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতে আলাদা দুটি স্মারক, দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান তৈরির কর্মসূচি (ইএসডিপি) নিয়ে একটি স্মারক এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একটি আগ্রহপত্র (এলওআই) স্বাক্ষরিত হয়েছে।

আরও পড়ুন  রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ

দুই প্রকল্পে ঋণ

বিনিয়োগ পরিবেশ উন্নয়ন প্রকল্পে ১ হাজার ৫৮৮ কোটি ইয়েন (প্রায় ১০ কোটি ৮ লাখ ডলার) এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ৩ হাজার ৬৮ কোটি ইয়েন (প্রায় ১৯ কোটি ৪৭ লাখ ডলার) ঋণ দেবে জাপান। দুই প্রকল্প মিলিয়ে মোট প্রতিশ্রুতি ৪ হাজার ৬৫৬ কোটি ইয়েন।

সফরে প্রধানমন্ত্রী জাপানের রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর ও দক্ষ জনবল তৈরির বিষয়ে আলোচনা হয়। সরকারের পক্ষ থেকে এসব চুক্তি ও ঋণ প্রতিশ্রুতিকে সফরের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন: ঢাকা-টোকিও সম্পর্ক আরও গভীর করার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

তথ্যসূত্র: জাগো নিউজ

ছবি: AMANO Jun-ichi / উইকিমিডিয়া কমন্স (CC BY 3.0) — মূল ছবি

আরও পড়ুন  মুন্সীগঞ্জ থেকে লুট হওয়া ফার্নেস অয়েল সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ৫

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ