চার দিনের রাষ্ট্রীয় সফরে আজ সোমবার (২৬ অক্টোবর) জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে তিনি টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে রাত ১২টা ১০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা। এ সময় টোকিওতে বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সফর চলবে ২৯ অক্টোবর পর্যন্ত।
তাকাইচির সঙ্গে বৈঠক
সফরের দ্বিতীয় দিন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির কার্যালয়ে দুই প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের পর তাকাইচি তারেক রহমানের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন।
এ ছাড়া জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগ, জাইকা, জেবিআইসি ও জেট্রোর প্রধানদের সঙ্গেও প্রধানমন্ত্রীর সাক্ষাতের কথা রয়েছে। জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরামে তিনি মূল বক্তব্য দেবেন।
আলোচনায় যা থাকছে
প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে জানা গেছে, সফরে জাপানি বিনিয়োগ আকর্ষণ, বাণিজ্য সম্প্রসারণ এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে সই হওয়া বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পাবে। মেট্রোরেলসহ চলমান অবকাঠামো প্রকল্পের ব্যয় ও ঋণের সুদহার কমানোর প্রস্তাবও তোলা হতে পারে।
রোহিঙ্গা সংকটের সমাধান, জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানিতে সহযোগিতা, কৃষি, প্রযুক্তি এবং দক্ষতা উন্নয়নও আলোচনার তালিকায় রয়েছে। তবে সফরে নতুন কোনো চুক্তি সইয়ের ঘোষণা এখনো আসেনি।
সফরকালে প্রধানমন্ত্রী চিবা প্রিফেকচারের ফুত্তসু শহরে জেরার এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র, ইউনিক্লোর সদর দপ্তর এবং নাগোয়ায় টয়োটার একটি কারখানা পরিদর্শন করবেন।
তথ্যসূত্র: প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র, এএনআই


