ঠাকুরগাঁও-১ উপনির্বাচন (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতি ছাড়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা গেছে।
এ আসনে ১৮৫টি কেন্দ্রের ৯৮৯টি ভোটকক্ষে ভোট নেওয়া হচ্ছে। মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন; এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৬৬, পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৬৮ এবং হিজড়া ভোটার ৪ জন।
নিরাপত্তায় বিজিবি, পুলিশ ও আনসার
নির্বাচন ঘিরে মাঠে আছে ২১ প্লাটুন বিজিবি, ২ হাজার ২৭২ জন পুলিশ ও ২ হাজার ৪০৫ জন আনসার সদস্য। দায়িত্বে রয়েছেন বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনী অনুসন্ধান কমিটি। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। চারজন বিদেশি পর্যবেক্ষকসহ ১৭৭ জন পর্যবেক্ষকের ভোট পর্যবেক্ষণের কথা রয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ভোট শেষে কেন্দ্রেই গণনা করে ফল ঘোষণা করা হবে। জেলা শিল্পকলা একাডেমিতে ফল সংগ্রহ ও ঘোষণার কেন্দ্র করা হয়েছে।
কেন ঠাকুরগাঁও-১ উপনির্বাচন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে জয়ী হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় আসনটি শূন্য হয়, এরপর ১০ সেপ্টেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
প্রতিদ্বন্দ্বিতায় আছেন পাঁচজন: বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের খাদেমুল ইসলাম (হাতপাখা), খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী (বটগাছ) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)। ভোটের আগের দিন বিএনপি ও জামায়াতের প্রার্থী পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
আরও পড়ুন: সংরক্ষিত নারী আসনে এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন
তথ্যসূত্র: প্রথম আলো
ছবি: Anup Sadi / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি


